সংবাদদাতা, উলুবেড়িয়া: মঙ্গলবার, ৩ ডিসেম্বর ছিল বিশ্ব প্রতিবন্ধী দিবস। বছরের এই বিশেষ দিনটি স্মরণীয় হয়ে থাকল পায়েল, বেবী, রুকসা, পুষ্পিতা, রূপাদের কাছে। কারণ এদিনই এইসব বিশেষভাবে সক্ষম কিশোরীদের নাম ভোটার তালিকায় তোলার প্রক্রিয়া শুরু হল উলুবেড়িয়া আশা ভবন সেন্টারে। এদিন সেন্টারের ১১ জন বিশেষভাবে সক্ষমের নাম ভোটার তালিকায় তোলা হয়। জেলা নির্বাচনী দপ্তরের পক্ষ থেকে আশা ভবন সেন্টারের এই নতুন ভোটারদের নাম তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
Advertisement
বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে এদিন আশা ভবন সেন্টারে একাধিক অনুষ্ঠান হয়। সেগুলিতে সেন্টারের বিশেষভাবে সক্ষমরা অংশ নেন। সকালে এক বর্ণাঢ্য পদযাত্রা হয়। সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়, হাওড়ার সভাধিপতি কাবেরী দাস, হাওড়া গ্রামীণ জেলা পুলিস সুপার সুবিমল পাল, উলুবেড়িয়ার মহকুমা শাসক মানসকুমার মণ্ডল, উলুবেড়িয়া ১-এর বিডিও রিয়াজুল হক, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস প্রমুখ।



