Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

চ্যাংরাবান্ধায় উন্মুক্ত সীমান্ত লঙ্ঘনের চেষ্টা, পাঁচটি নৌকা উদ্ধার বিএসএফের, দ্রুত বেড়ার কাজ শেষ করার দাবি

উন্মুক্ত সীমান্তে কাঁটাতারের বেড়ার কাজ সম্পূর্ণ না হওয়ার সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ থেকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে

চ্যাংরাবান্ধায় উন্মুক্ত সীমান্ত লঙ্ঘনের চেষ্টা, পাঁচটি নৌকা উদ্ধার বিএসএফের, দ্রুত বেড়ার কাজ শেষ করার দাবি
  • ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মেখলিগঞ্জ: উন্মুক্ত সীমান্তে কাঁটাতারের বেড়ার কাজ সম্পূর্ণ না হওয়ার সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ থেকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার চ্যাংরাবান্ধা বাজারের পিছনে ধরলা নদী থেকে একদল বাংলাদেশি অবৈধভাবে বালি তোলার চেষ্টা করে বলে অভিযোগ। তাদের বাধা দিতে গেলে বিএসএফের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আত্মরক্ষার্থে বিএসএফ রাবার বুলেট ছোড়ে বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচটি নৌকাও উদ্ধার করা হয়েছে। ঘটনার পর চ্যাংরাবান্ধার উন্মুক্ত সীমান্তে দ্রুত কাঁটাতারের বেড়ার কাজ সম্পন্ন করার দাবি জোরালো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, চ্যাংরাবান্ধা বাজারের পিছনে বিএসএফ ক্যাম্প থেকে বিবেকানন্দ পাড়ার শ্মশানঘাট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় এখনও কাঁটাতারের বেড়া নেই। আন্তর্জাতিক সীমান্তের নিয়ম এবং ধরলা নদীর দুর্গম এলাকার কারণে ওই অংশে বেড়া দেওয়ার কাজ এখনও সম্পূর্ণ হয়নি। স্থানীয়দের অভিযোগ, এই সুযোগে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ এবং অবৈধভাবে নদী থেকে বালি-পাথর তোলার চেষ্টা চলছে। তাঁদের আশঙ্কা, নদীতে গভীরভাবে খনন করে বালি-পাথর তোলার ফলে ভবিষ্যতে ধরলা নদীর গতিপথ পরিবর্তিত হতে পারে। এমনকি নদী ভারতীয় গ্রামের দিকে ঢুকে পড়ার আশঙ্কাও রয়েছে বলে দাবি তাঁদের। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুনির্মল গুহ। তাঁর অভিযোগ, মাঝেমধ্যেই বাংলাদেশ থেকে ভারতীয় ভূখণ্ডে ঢুকে বিভিন্ন ধরনের অপকর্মের চেষ্টা করা হচ্ছে। বিএসএফের উপর হামলার চেষ্টার ঘটনাও বরদাস্ত করা হবে না বলে জানান তিনি। সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করার জন্য বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে বলেও তিনি জানান। বৃহস্পতিবারের ঘটনা নিয়ে পুলিশ-প্রশাসন ও বিধায়কের সঙ্গে কথা বলবেন বলেও তিনি জানান। 

Advertisement

বিএসএফের তরফে জানানো হয়েছে, সীমান্তে সর্বদা কঠোর নজরদারি চলছে। সেই কারণেই বিভিন্ন ধরনের অবৈধ কার্যকলাপ রুখে দেওয়া সম্ভব হচ্ছে। চ্যাংরাবান্ধার উন্মুক্ত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজেও অগ্রগতি হয়েছে। দ্রুত সমস্যার সমাধান হবে বলে বিএসএফ আশাবাদী। 

Advertisement
সম্পর্কিত সংবাদ