নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাসের মধ্যে এক ব্যক্তির ব্যাগে থাকা ৪১ হাজার টাকা কেপমারির অভিযোগ উঠল। ওই ঘটনার তদন্তে নেমে কলকাতা গোয়েন্দা পুলিসের নজরদারি শাখা সোমবার আমহার্স্ট স্ট্রিট এলাকা থেকে তিন যুবককে গ্রেপ্তার করে। মঙ্গলবার ধৃতদের ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। বিচারক তাঁদের ৩ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
Advertisement
আদালত সূত্রে জানা গিয়েছে, সোমবার হাওড়া থেকে একটি বেসরকারি বাস আমহার্স্ট স্ট্রিটে আসছিল। সেই বাসের যাত্রী এক ব্যক্তির ব্যাগের মধ্যে ছিল ওই টাকা। অভিযোগ, ভিড়ের মধ্যে তিন যুবক ওই ব্যক্তিকে নানাভাবে বিভ্রান্ত করে ব্যাগ থেকে টাকা হাতিয়ে চম্পট দেন। পুলিসে অভিযোগ দায়ের করা হলে গোয়েন্দারা তিন যুবককে গ্রেপ্তার করে। ধৃতদের বিরুদ্ধে এর আগে এই ধরনের আরও কোনও অভিযোগ ছিল কি না, পুলিস তা খতিয়ে দেখছে।



