সংবাদদাতা, পুরাতন মালদহ: মালদহে এবার বিলাসবহুল গাড়িতে করে ব্রাউন সুগার পাচারের চেষ্টা হল। শনিবার বিকেলে ১২ নম্বর জাতীয় সড়কের গাজোলের কদুবাড়ি এলাকায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিস ৫০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে। সেইসঙ্গে ১৫ বছরের এক কিশোর ও এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃত যুবকের নাম রাহুল কুমার। তাদের বাড়ি বিহারে। তারা একটি বিলাসবহুল গাড়িতে মালদহ থেকে বিহারের ভাগলপুরে ওই মাদক নিয়ে যাচ্ছিল। এক ব্যক্তির কাছে ব্রাউন সুগার পৌঁছনোর পরিকল্পনা ছিল ধৃতদের। উদ্ধার হওয়া মাদকের মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। গাজোল থানার পুলিস জানিয়েছে, ৫০০ গ্রাম ব্রাউন সুগার সহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।



