Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বর্তির বিলের রাস্তা সংস্কারে সাড়ে তিন কোটি বরাদ্দ জেলা পরিষদের

বর্তির বিলের রাস্তা সংস্কারে সাড়ে তিন কোটি বরাদ্দ জেলা পরিষদের
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: উত্তর ২৪ পরগনা জেলার অন্যতম পর্যটন কেন্দ্র আমডাঙার বর্তির বিল। কিন্তু সেখানে যেতে চূড়ান্ত নাকাল অবস্থা হচ্ছে মানুষের। বিলে যাওয়ার গোটা রাস্তাই ভরেছে খানাখন্দে। এ নিয়ে খবর প্রকাশিত হয় ‘বর্তমান’-এ। তারপর বেহাল সেই কয়েক কিলোমিটার রাস্তা সংস্কারের উদ্যোগ নিল জেলা পরিষদ। অনুমোদন হয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা।
Advertisement
আমডাঙার বেড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে বর্তির বিল। বারাসত-বারাকপুর রোডের নীলগঞ্জ মোড় থেকে বাইক বা টোটোতে খুব বেশি হলে সময় লাগে ২০- ২৫ মিনিট। নীলগঞ্জ থেকে ইন্দ্রপুর বাজার এলাকা থেকে তিন চারটি রাস্তা দিয়ে যাওয়া যায় বিলে। গাছ-গাছালিতে ভরা এই রাস্তাগুলি যেন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে এলাকার বাসিন্দা থেকে শুরু করে পর্যটকদের কাছে। একটা সময় রাস্তা সংস্কারের জন্য ব্যবহার করা হয়েছিল ইটের ভাঙা অংশ। এখন তা উঠে গিয়ে তৈরি হয়েছে গর্ত। রাস্তায় পর্যাপ্ত আলোও নেই। পর্যটকদের সুবিধার জন্য কোনও নির্দেশিকাও দেওয়া নেই। ফলে সমস্যায় পড়ছেন তাঁরা।
দীর্ঘদিন ধরে বেহাল এই রাস্তা এবার সংস্কারের উদ্যোগ নিল জেলা পরিষদ। সাড়ে তিন কিলোমিটারের বেশি রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ হয়েছে তিন কোটি ৩৩ লক্ষ টাকা। পুরো রাস্তা করা হবে পিচের। টাকা বরাদ্দ হয়ে গিয়েছে। ক’দিন পরেই ইঞ্জিনিয়াররা রাস্তা পরিদর্শন করে চূড়ান্ত তথ্য জমা দেবেন। এনিয়ে আমডাঙার বিডিও নবকুমার দাস বলেন, জেলা পরিষদ থেকে তিন কোটি ৩৩ লক্ষ টাকা অনুমোদন মিলেছে বর্তির বিল যাওয়ার রাস্তা সংস্কারের জন্য। দ্রুত সেই কাজ শুরু হবে।
অন্যদিকে, জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, আমডাঙার বর্তির বিল জেলার অন্যতম পর্যটন কেন্দ্র। তাই, এই বিলকে সাজিয়ে তোলার পরিকল্পনা হচ্ছে। তবে, এই অর্থে মূল রাস্তা সংস্কার করা হবে। রতনপুর মৌজার অন্তর্গত বিলে যাওয়ার সাড়ে তিন কিলোমিটার রাস্তা পিচের করা হবে। আর এই কাজের ‘গ্যারান্টি’ পাঁচ বছর। কাজের ক্ষেত্রে কোনও গাফিলতি থাকলে আমরা ঠিকাদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। দ্রুত টেন্ডার করে কাজ শুরু করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ