Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসত পুরসভার অস্থায়ী মহিলা ট্রাফিক কর্মীকে মার

বারাসত পুরসভার অস্থায়ী মহিলা ট্রাফিক কর্মীকে মার
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাসতে কর্তব্যরত পুরসভার ট্রাফিকের এক মহিলা কর্মীকে হেনস্তার অভিযোগ উঠল পথচলতি এক যাত্রীর বিরুদ্ধে। এ নিয়ে বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পুরসভার ওই অস্থায়ী কর্মী। জানা গিয়েছে, মঙ্গলবার সনিয়া বিবি হৃদয়পুর স্টেশন সংলগ্ন রেলগেট এলাকায় যান নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন। অভিযোগ, সেই সময় নিয়ম ভেঙে ওভারটেক করে এক ব্যক্তি। ফলে যানজটের সৃষ্টি হয়। বিষয়টি দেখে এগিয়ে যান কর্তব্যরত ওই মহিলা ট্রাফিক কর্মী। তখন তাঁর উদ্দেশে কটুক্তি করে ওই ব্যক্তি। শুধু তাই নয়, পরে ওইদিন বিকেলে বারাসতের কোরা উত্তরপাড়ায় ওই মহিলা ট্রাফিক কর্মীর বাড়িতে গিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। এনিয়ে ওই অস্থায়ী ট্রাফিক কর্মীর স্বামীর সঙ্গে হাতাহাতিও হয় ওই ব্যক্তির। মহিলাকে মারধর করা হয়। 
Advertisement
সনিয়া বলেন, যে আমাকে মারধর করেছে, সে আমার পাড়ার লোক। অভিযুক্ত দলবল নিয়ে এসে অতর্কিতে আমার স্বামীর উপর হামলা চালায়। সেই সময় বাধা দিতে গেলে আমাকেও মারধর করা হয়। স্বামী গুরুতর চোট পান। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। বুধবার এ নিয়ে আমি বারাসত থানায় অভিযোগ জানিয়েছি।
সম্পর্কিত সংবাদ