নিজস্ব প্রতিনিধি, বারাসত: বৃহস্পতিবার সকালে বারাসত চাঁপাডালি মোড় সংলগ্ন বিদ্যুৎ দপ্তরের অফিসে আগ্নিকাণ্ড ঘটে। তাতে কম্পিউটার সহ প্রয়োজনীয় নথি ও কয়েকটি শীতাতপ নিয়ন্ত্রণের মেশিন ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকলের দু’টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের।
Advertisement
এদিন সকাল ৯টা ১৫ মিনিটে বিদ্যুৎ দপ্তরের বারাসত ডিভিশনাল ম্যানেজারের অফিসের তৃতীয় ও চতুর্থ তলা থেকে দাউ দাউ করে আগুন ও ধোঁয়া বের হতে দেখেন নিরাপত্তারক্ষী সুকুমার মণ্ডল। তখনও অফিস শুরু হয়নি। তৃতীয় তলায় রয়েছে কম্পিউটার বিভাগ। উপরের তলাতেই রয়েছে এইচ আর (হিউম্যান রিসোর্স) বিভাগ। আগুনে এই দু’টি তলাই কমবেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। বেশ কয়েকটি কম্পিউটার, প্রিন্টার ও চারতলার এইচ আর বিভাগের বহু নথি পুড়ে গিয়েছে। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। এই প্রসঙ্গে বারাসতের ডিভিশনাল ম্যানেজার সোমনাথ মণ্ডল বলেন, অগ্নিকাণ্ডের জেরে কম্পিউটার এবং এইচ আর সেকশন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র, ফাইল সহ কম্পিউটার, প্রিন্টার ও এসি নষ্ট হয়ে গিয়েছে। এদিকে, বাদুড়িয়া থানার বাগজোলা বাগান সংলগ্ন এক ব্যক্তির গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেলে দমকলের ইঞ্জিন প্রায় দু’ঘণ্টার প্রচেষ্টায় আগুন আয়ত্বে আনে। ঘটনাস্থলে পৌঁছেছে বাদুড়িয়া থানার পুলিস। তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান, কেউ বা কারা ধূমপান করে সেখানে ফেলে দিয়ে গিয়েছে। তা থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।



