Bartaman Logo
২৭ মে, ২০২৬

বারাণসী স্টেশনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ২০০-র বেশি গাড়ি, দু’ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন

বারাণসী স্টেশনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ২০০-র বেশি গাড়ি, দু’ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন
  • ৩০ নভেম্বর, ২০২৪ ০০:০০
লখনউ, ৩০ নভেম্বর: উত্তরপ্রদেশের বারাণসী স্টেশনে বিধ্বংসী অগ্নিকাণ্ড। আজ, শনিবার ভোরে স্টেশনের গাড়ি পার্কিং এলাকায় আগুন লাগে। এই ঘটনায় কমপক্ষে ২০০টি গাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এর মধ্যে বেশিরভাগই বাইক এবং স্কুটি। তবে হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত মেলেনি। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
Advertisement
রেলের এক কর্মী জানিয়েছেন, শুক্রবার রাত ১১টা নাগাদ প্রথম একটি শর্ট সার্কিট হয়। তবে সেটিকে দ্রুত মেরামত করে ফেলা হয়। কিন্তু বেশ কয়েক ঘণ্টা পর এক যাত্রী তাঁকে পার্কিং এলাকায় প্রথম আগুন লাগার কথা জানান। খবর পেয়ে তিনি সেখানে ছুটে যান। কিন্তু ততক্ষণে অনেকটাই ছড়িয়ে পড়ে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর দেওয়া হয় দমকলকে। ঘটনাস্থলে উপস্থিত হয় রেল পুলিসও।
দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই প্রথমে আগুন লাগে এবং দ্রুত তা গোটা এলাকায় ছড়িয়ে পড়ে। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কালো ধোঁয়া এবং কুয়াশার কারণে প্রাথমিকভাবে আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল আধিকারিকদের।
রেল পুলিসের আধিকারিক কুনওয়ার বাহাদুর সিং বলেন, “বাইকের পাশাপাশি বেশ কিছু সাইকেলও পুড়ে ছাই হয়ে গিয়েছে। শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। তবে আমরা এই ঘটনার তদন্ত শুরু করেছি।”
সম্পর্কিত সংবাদ