‘ম্যায় তেরা হিরো’, ‘জুড়ওয়া ২’, ‘কুলি নং ১’— বাবা ডেভিড ধাওয়ানের সঙ্গে তিনবার জুটি বেঁধেছেন অভিনেতা বরুণ ধাওয়ান। ফের একটি ছবিতে কাজ করবেন তাঁরা। ত্রিকোণ প্রেমের এই ছবিতে বরুণ ছাড়াও রয়েছেন শ্রীলীলা ও ম্রুনাল ঠাকুর। পাশাপাশি থাকবেন অভিনেতা মণীশ পাল। ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। শীঘ্রই এই সিনেমার শ্যুটিং শুরু করবেন তিনি। বর্তমানে ‘বর্ডার ২’ ছবির কাজে ব্যস্ত নায়ক। উত্তরাখণ্ডে ৪৫ দিনের ম্যারাথন শ্যুটিং চলবে। সেই ছবির পর কোনও বিরতির পরিকল্পনা নেই বরুণের। বরং বাবা ডেভিডের পরিচালিত কাজটি যত দ্রুত সম্ভব শুরু করতে চান অভিনেতা। প্রথমে মুম্বই ও গোয়াজুড়ে হবে শ্যুটিং। তারপর লন্ডনে যাবে পুরো টিম। ইতিমধ্যে লন্ডনে একাধিকবার রেকি করে শ্যুটিং লোকেশন চূড়ান্ত করেছেন নির্মাতারা। সম্ভবত মে বা জুন মাসে এক সপ্তাহ ধরে লন্ডনে শ্যুট করার পরিকল্পনা রয়েছে তাঁদের। সেখানে একটি নাচের দৃশ্যে অভিনয় করবেন তিনি। এছাড়াও লন্ডনে শ্যুট হবে একটি রোমান্টিক দৃশ্য ও চেজ সিকোয়েন্সের। ‘বর্ডার ২’ ও এই ছবিটি ছাড়াও বরুণের হাতে রয়েছে ‘সানি সংস্কারী কি তুলসী কুমারী’।



