মুম্বই: মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন ‘মহাযুতি’র কাছে কার্যত বিধ্বস্ত হয়েছে মহাবিকাশ আঘাড়ি (এমভিএ)। শোচনীয় ফল হয়েছে জোট শরিক শারদ পাওয়ারের দলেরও। এমনকী মারাঠা স্ট্রংম্যানের শক্তঘাঁটি বারামতীতেও হারের মুখ দেখতে হয়েছে দলকে। সেখানে ভাইপো যুগেন্দ্র পাওয়ারকে হারিয়ে লক্ষাধিক ভোটে জিতেছেন অজিত পাওয়ার। এনসিপি’র মালিকানা ও প্রতীক ভাইপো অজিতের কাছে হারানোর পর গড়ের দখলও খোয়াতে হল শারদকে। আর তা নিয়ে কাটা ঘায়ে নুনের ছিটে দিতে ময়দানে নামলেন এনসিপি (অজিত) নেতা আমোল মিটকারি। নিশানা করলেন শারদ-কন্যা সুপ্রিয়া সুলেকে। রবিবার তিনি বলেন, ‘বারামতীতে অজিতের বিরুদ্ধে তাঁর ভাইপো যুগেন্দ্রকে প্রার্থী করেছিলেন সুপ্রিয়া। এটি একেবারেই ভুল সিদ্ধান্ত। সম্পর্কের এই টানাপোড়েনের রাজনীতিতে আসলে দলের অন্দরেই ক্ষোভ ছড়িয়েছে। গণনায় তার ফলও মিলেছে। তাই অবিলম্বে সুপ্রিয়ার ক্ষমা চাওয়া উচিত।’



