বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: ব্যস্ত জাতীয় সড়কের ধারেই পড়ে রয়েছে শক্তিশালী আইইডি। পাশ দিয়ে ছুটে যাচ্ছে একের পর এক যানবাহন। যদিও ভাগ্যক্রমে বড় কোনও অঘটন ঘটার আগেই বিস্ফোরকটি নজরে পড়ে যায় নিরাপত্তা বাহিনীর। তড়িঘড়ি সেটিকে নিষ্ক্রিয়ও করা হয়।
Advertisement
সোমবার উত্তর কাশ্মীরের বারামুলা জেলার পালহান এলাকায় ঘটেছে ঘটনাটি। বাহিনী সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে যৌথ টহলদারি চালানোর সময় শ্রীনগর-বারামুলা জাতীয় সড়কের ধারে ওই আইইডি পড়ে থাকতে দেখেন সিআরপিএফ ও এসএসবি ব্যাটালিয়নের জওয়ানরা। সঙ্গে ওই রাস্তার ট্রাফিক আটকে দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় বম্ব ডিসপোজাল স্কোয়াড। তারপর নিরাপদেই বিস্ফোরকটিকে নিষ্ক্রিয় করে ফেলা হয়। তারপর ধাপে ধাপে স্বাভাবিক হয় হাইওয়ের যান চলাচলও। আপাতত স্থানীয় পাটান থানায় একটি অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।



