নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে সোমবার বারাকপুর পুরসভায় বৈঠক করেন সাংসদ পার্থ ভৌমিক। বৈঠকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান উত্তম দাস সহ কাউন্সিলাররা। তবে ছিলেন না বিধায়ক রাজ চক্রবর্তী। এদিন বৈঠকে তিনি কেন্দ্রের বিভিন্ন বঞ্চনার কথা তুলে ধরে বলেন, কেন্দ্রীয় সরকার আমাদের প্রাপ্য টাকা দেওয়া বন্ধ করেছে। তা সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উন্নয়নের ধারাকে বজায় রেখেছে। সেই ধারা যেন বারাকপুরেও বজায় থাকে। এতদিন যে কাজ হয়েছে, এদিন তার খোঁজ নেন তিনি। পাশাপাশি আগামী দিনে যে কাজ করতে হবে, তারও তালিকা তৈরি করতে বলেন। বারাকপুরের চেয়ারম্যান উত্তম দাস বলেন, মানুষের সুবিধার্থে বারাকপুরের রাস্তাঘাটের সংস্কারের বিষয়ে জোর দিতে হবে বলে সাংসদ জানিয়েছেন। বারাকপুর লোকসভা কেন্দ্রে সংগঠন মজবুত করতে আগেই আসরে নেমেছেন পার্থ ভৌমিক। ইতিমধ্যে প্রত্যেক মাসের শেষ শনিবার আমডাঙা পঞ্চায়েতে রিভিউ মিটিং করতে বসছেন তিনি। ভাটপাড়ায় পাড়ায় পাড়ায় বসছেন। তবে শুধু ভাটপাড়া, আমডাঙা, বারাকপুর পুরসভাই নয়, নিয়ম করে প্রতিটি পুরসভা, পঞ্চায়েত এলাকায় যাচ্ছেন তিনি।



