Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাকপুর পুলিস কমিশনারেটের নতুন ভবনের কাজ শেষ পর্যায়ে

বারাকপুর পুলিস কমিশনারেটের নতুন ভবনের কাজ শেষ পর্যায়ে
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নবকলেবরে সাজছে বারাকপুরের পুলিস কমিশনারের অফিস। চিড়িয়ামোড়ের কাছে বর্তমান সিপি অফিসের ঠিক উল্টো দিকে পাঁচতলা ওই ভবনের কাজ একেবারে শেষ পর্যায়ে। বাইরের কাজ পুরো হয়ে গিয়েছে। ভিতরের কাজ চলছে। ওই ভবনের একতলায় কন্ট্রোল রুম তৈরি হয়েছে। এই কন্ট্রোল রুম থেকেই সিঁথি মোড় থেকে কাঁচরাপাড়া পর্যন্ত এলাকায় চব্বিশ ঘণ্টা নজরদারি করবেন পুলিসকর্মীরা। খুব শীঘ্রই এই ভবনের উদ্বোধন হবে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।
Advertisement
ভবনের দোতালায় বসবেন পুলিস কমিশনার। পাশে থাকবে কনফারেন্স রুম। থাকবে ভিডিও কনফারেন্স রুমও। তিনতলায় থাকবে ডিসি, এসির রুম। ডিডি অফিস উঠে আসবে এই ভবনে। পুলিস লাইনের মধ্যে পুলিস হাউসিং ইনফ্রাস্ট্রাকচার বোর্ড অত্যাধুনিক এই ভবনটি তৈরি করেছে।  
২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর বারাকপুর, বিধাননগর, আসানসোল সহ বেশ কয়েকটি নতুন কমিশনারেট তৈরি করেন। বর্তমানে এই কমিশনারেটের অধীনে ২৫টি থানা রয়েছে। দু’জন এমপি, ১৭জন বিধায়ক রয়েছেন। ১৭টি পুরসভা রয়েছে। কলকাতা লাগোয়া এই কমিশনারেট এলাকায় অপরাধের ধরন আলাদা। মাঝেমধ্যেই শ্যুটআউটের মতো ঘটনা ঘটে। বেশ কয়েকটি চাঞ্চল্যকর খুনের ঘটনাও ঘটেছে। পাশাপাশি এই কমিশনারেট এলাকায় বেশ কয়েকজন মন্ত্রী থাকেন। রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের মতো বিশিষ্ট স্থান, যেখানে হাজার হাজার মানুষের আনাগোনা। তাই এই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে অত্যাধুনিক অফিসের প্রয়োজন ছিল।-নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ