Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাকপুরে খাটাল ব্যবসার রমরমা, ছড়াচ্ছে দূষণ, রুদ্ধ নিকাশি নালাও

বারাকপুরে খাটাল ব্যবসার রমরমা, ছড়াচ্ছে দূষণ, রুদ্ধ নিকাশি নালাও
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুর শহরে রমরমিয়ে চলছে খাটাল ব্যবসা। অতীন্দ্র সিনেমা হলের পিছনে একটি বিশাল এলাকা জুড়ে গড়ে উঠেছে খাটালপাড়া। বারাকপুর শহর থেকে খাটাল মালিকদের সরাতে কল্যাণী হাইওয়েতে জমি দিলেও তাঁরা এখান থেকে ওঠেননি। উল্টে দুই জায়গাতেই খাটাল চালাচ্ছেন। শহরের প্রাণকেন্দ্রে খাটাল থাকার জন্য দূষণ ছড়াচ্ছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।
Advertisement
বারাকপুরে চিড়িয়া মোড় ও অতীন্দ্র সিনেমা হলের পিছনে বহু বছর ধরেই রমরমিয়ে চলছে খাটাল ব্যবসা। কয়েকশো গোরু ও মোষ রয়েছে এখানে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শহর থেকে খাটাল তোলার ব্যাপারে পুরসভা বা প্রশাসনের কারও কোনও ভূমিকা নেই। খাটালের বর্জ্যের জন্যই বন্ধ হয়ে যাচ্ছে নিকাশি নালা। খাটাল না ওঠায় প্রশাসনের দিকেই আঙুল তুলেছেন সাধারণ মানুষ। যত দিন যাচ্ছে, পরিস্থিতি ততই ভয়ঙ্কর আকার নিচ্ছে। 
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, খাটালের কারণেই নিকাশি নালার মুখ বন্ধ হয়ে যাওয়ায় এস এন ব্যানার্জি রোড সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়। ফলে স্টেশন চত্ত্বরের জল বের করা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তা ডুবে যায়। খাটাল সরানোর বিষয়ে কারও কোনও হেলদোল নেই। বিজেপি নেতা সন্দীপ বন্দ্যোপাধ্যায় বলেন, এক সময় সিপিএম এসবে মদত দিত। এখন তৃণমূলের মদতে শহরে খাটাল ব্যবসা চলছে। শাসকদলের নেতাদের টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখেছে খাটাল মালিকরা। তাই কেউ ব্যবস্থা নিতে পারছে না। যদিও খাটাল মালিকরা এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।
বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস বলেন, শহরের বুকে খাটাল একটি বড় সমস্যা। নিকাশি ব্যবস্থার উন্নয়নের জন্য আমরা খাটাল সরানোর উদ্যোগ নিয়েছিলাম। সেকারণে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে জমির ব্যবস্থাও করা হয়েছিল। তারপরও তাঁরা সেখানে যাননি। এই বিষয়ে প্রশাসন পদক্ষেপ করতে পারে। আমরা তাদের বিষয়টি জানিয়েছি।-নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ