Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাকপুরে গঙ্গার ধারে ‘রিভার করিডর’-এর কাজ শুরু নিয়েই সংশয়

বারাকপুরে গঙ্গার ধারে ‘রিভার করিডর’-এর কাজ শুরু নিয়েই সংশয়
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বেশ কয়েক বছর আগে বারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল, ধোবিঘাট থেকে গোলাঘাট পর্যন্ত গঙ্গার ধারজুড়ে সুদৃশ্য রিভার করিডর তৈরি করা হবে। কীভাবে গোটা প্রকল্পটি রূপায়িত হবে, সেই পরিকল্পনা চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের। সেই কাজও হয়ে রয়েছে। কিন্তু কবে কাজ শুরু হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ সবাই অন্ধকারে। কারণ, কেন্দ্রীয় মন্ত্রকের অনুমোদনের এখনও আসেনি। সূত্রের খবর, দীর্ঘদিন দিল্লিতে এ সংক্রান্ত প্রস্তাব ফাইলবন্দি হয়ে পড়ে রয়েছে। এলাকার বাসিন্দা থেকে ক্যান্টনমেন্ট বোর্ডের কর্তাদের দাবি, প্রায় ৭০০ মিটার দীর্ঘ এই রিভার করিডর দ্রুত বাস্তবায়িত হলে শুধু ক্যান্টনমেন্ট এলাকা নয়, আশপাশের পুরসভার হাজার হাজার মানুষ উপকৃত হবেন। 
Advertisement
ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে ধোবিঘাটে (প্রস্তাবিত করিডর এলাকার মধ্যেই) একটি আয়রন জেটি তৈরি করা হলেও তা তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে। এক্ষেত্রেও কেন্দ্রীয় অনুমোদন মেলেনি এখনও। পরিকল্পনা অনুযায়ী, ধোবিঘাট থেকে গোলাঘাট পর্যন্ত রিভার করিডরে প্রতিমা বিসর্জনের আলাদা ব্যবস্থা থাকবে। বিসর্জন পর্ব মিটবে অনেক সহজ ও সুষ্ঠুভাবে। থাকবে দর্শনার্থীদের বসার জায়গা ও গঙ্গাস্নানের সুব্যবস্থা। তর্পণ করতে যাতে কোনও অসুবিধা না হয়, তার ব্যবস্থাও ওই করিডরে থাকার কথা। এছাড়া, গোটা এলাকাজুড়ে হবে সৌন্দর্যায়ন। গোলাঘাটের সামনে সাঁইবাবা মন্দিরে আসা ভক্তরা বলেন, ‘করিডর তৈরির জন্য যখন মাপজোক করা হচ্ছিল, সেই তোড়জোড় দেখে আমরা ভেবেছিলাম, দ্রুত প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে। কিন্তু বছর গড়ালেও আর কোনও কাজ হতে দেখা যাচ্ছে না। আমরা চাই, প্রস্তাবিত করিডরের কাজ দ্রুত শেষ হোক।’ তৈরি হয়ে যাওয়ার পরও জেটি বন্ধ থাকা নিয়ে তাঁরা বলছেন, ‘এই জেটি চালু হয়ে গেলে বারাকপুরের সঙ্গে শ্রীরামপুরের জলপথে যাতায়াত অনেক সহজ হবে। এখন বাঁশ, কাঠের জেটি পারাপার করতে হয় অসংখ্য মানুষকে।’
ক্যান্টনমেন্ট বোর্ডের প্রাক্তন ভাইস চেয়ারম্যান কাশীনাথ সাহা বলেন, ‘গঙ্গায় প্রতিমা নিরজন থেকে শুরু করে ছট উৎসব, সব কিছুই হয়। তাই আমাদের বোর্ড থাকার সময় গঙ্গার ধার বরাবর সৌন্দর্যায়ন সহ বেশ কিছু পরিকল্পনা করেছিলাম। প্রতিরক্ষা মন্ত্রক অনুমোদন দিলেই কাজ শুরু করা যাবে। আমরা তার অপেক্ষাতেই আছি। তবে এতদিনেও যে কাজ শুরু করা গেল না, তা অবশ্যই আক্ষেপের বিষয়।’ 
সম্পর্কিত সংবাদ