নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুর নোনা চন্দনপুকুর অ্যাথলেটিক ক্লাবের ময়দানে বৃহস্পতিবার শুরু হল দ্বিতীয় বর্ষ খাদ্য মেলা ‘বাহারে আহারে’। চলবে রবিবার, ৮ ডিসেম্বর পর্যন্ত। মূল উদ্যোক্তা বারাকপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার জয়দীপ দাস। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর পুরসভার মেয়র পরিষদের সদস্য দেবরাজ চক্রবর্তী, বারাকপুরের চেয়ারম্যান উত্তম দাস, কামারহাটির চেয়ারম্যান গোপাল সাহা, মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল কর প্রমুখ। এবারের খাদ্য মেলায় মোট ২৬টি স্টল হয়েছে। ইন্ডিয়ান থেকে চাইনিজ, পিঠেপুলি থেকে মিষ্টি, বিরিয়ানি সহ হরেক স্বাদের খাবারের স্বাদ চেখে দেখতে প্রথম দিনেই ভিড় উপচে পড়েছিল। ইলিশ মাছের কচুরি, বাম্বু বিরিয়ানি, ঢেঁকি ছাটা চালের পিঠে খেতে লম্বা লাইন পড়ে যায়। মিত্র কাফের ফিস ফ্রাই, ভীম নাগের সন্দেশ, কৃষ্ণনগরের সরভাজা, বর্ধমানের সীতাভোগ মিহিদানার জন্য ভিড় হয়ে যায় কাউন্টারে। জানা গিয়েছে, মেলার চার দিন বিশিষ্ট শিল্পীদের নিয়ে সঙ্গীতানুষ্ঠানের আয়োজনও করা হয়েছে।



