নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বৃহস্পতিবার সকালে বারাকপুরের জয় হিন্দপল্লিতে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। তাতে মা ও ছেলে গুরুতর জখম হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে প্রতিবেশীরা বিকট শব্দ পান একটি বাড়ি থেকে। তাঁরা এসে দেখেন, গোটা বাড়িটি দাউ দাউ করে জ্বলছে। সত্তরোর্ধ্ব মা অনিতা ঘোষের গায়ে আগুন লেগে গিয়েছিল। তাঁকে বাঁচাতে গিয়ে ছেলে প্রশান্ত ঘোষও জখম হন। খবর দেওয়া হয় দমকলকে। দমকলের দু’টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে আসেন স্থানীয় পুরসভার চেয়ারম্যান উত্তম দাস। তিনি জানান, সকলের ধারণা হয়েছিল গ্যাস সিলিন্ডার ফেটেছে। কিন্তু দমকলের কর্মীরা দেখেছেন, গ্যাস সিলিন্ডার ঠিক আছে। কী করে আগুন লাগলো, তা পরিষ্কার নয়। কারণ খতিয়ে দেখছে পুলিস ও দমকল। তবে গোটা বাড়িতে আগুনে সমস্ত কিছু পুড়ে গিয়েছে। অনিতাদেবীকে প্রথমে বিএন বসু তারপর আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা গুরুতর।



