সংবাদদাতা, বারুইপুর: বারুইপুরের বেলেগাছি পঞ্চায়েতের হরেন্দ্রপল্লিতে রাস্তায় এক তৃণমূল কর্মীকে মারধর করা হচ্ছে। এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।। সেখানে দেখা গিয়েছে, ওই তৃণমূল কর্মী বিজয় রায়কে মারধর করছেন পঞ্চায়েতের সদস্যা মুনমুন মণ্ডল ও তাঁর স্বামী গৌতম। যদিও এই ঘটনায় বারুইপুর থানায় কোনও অভিযোগ দায়ের করেননি আক্রান্ত বিজয় রায়।
Advertisement
এই প্রসঙ্গে বিজয়বাবু বলেন, পঞ্চায়েত সদস্যা মুনমুন মণ্ডলের স্বামী গৌতম এলাকায় লটারি দোকানের আড়ালে সাট্টার ঠেক চালান। এর প্রতিবাদ করাতেই রাস্তায় ধরে আমাকে মারধর করেছেন পঞ্চায়েত সদস্যা, তাঁর স্বামী সহ অনুগামীরা। যদিও মুনমুন মণ্ডলের অভিযোগ, বিজয় রায় আমার মায়ের দোকানে ৬০ টাকা বাকি রেখেছিলেন। সেই টাকা চাওয়ায় আমার মাকে মারধর করেন বিজয়। এটা জানতে পেরেই ওঁকে ধরা হয়েছিল রাস্তায়। এদিকে, এই ঘটনার পর বিজয় ও তাঁর লোকজন গৌতম মণ্ডলের লটারি দোকানটি ভেঙে দেন বলে অভিযোগ। বারুইপুর থানার পুলিস তদন্ত শুরু করেছে।



