Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুইপুর স্টেশন রোড আরও ১২ ফুট চওড়া করার চিন্তা পুরসভার

বারুইপুর স্টেশন রোড আরও ১২ ফুট চওড়া করার চিন্তা পুরসভার
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বারুইপুর: বারুইপুর রেলগেট থেকে বারুইপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়ার রাস্তায় যানজটের যন্ত্রণা দীর্ঘদিনের। মূলত অটো ও টোটোর মধ্যে যাত্রী নেওয়ার প্রতিযোগিতা থেকেই এই সমস্যা। বাসিন্দারা দীর্ঘদিন ধরে সমাধানের দাবি করে আসছেন। এবারে এই যান-যন্ত্রণা থেকে নাগরিকদের মুক্তি দিতে রাস্তা একদিক প্রায় ১০-১২ ফুট চওড়া করার চিন্তাভাবনা করেছে বারুইপুর পুর প্রশাসন। ইতিমধ্যে মাপজোকের কাজও করে ফেলেছে তারা।
Advertisement
পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাস বলেন, এই কাজের জন্য রাস্তার আশপাশে দোকানের ব্যবসায়ীদের দ্রুত পুরসভায় ডাকা হবে। তাঁদের সঙ্গে আলোচনা করেই পদক্ষেপ করা হবে। অন্যদিকে, এই প্রসঙ্গে বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, এই কাজ দ্রুত হলে মানুষের যাতায়াতের সমস্যা অনেকটাই মিটবে। আর রাস্তাটি চওড়া হলে অটো-টোটো বা কাউকে রাস্তা দখল করে দাঁড়াতে দেওয়া হবে না।  এই স্টেশন রোডে প্রবল যানজটের কারণে স্কুল পড়ুয়ারাও সঠিক সময়ে স্কুলে যেতে পারে না। অনেক নিত্যযাত্রীর ট্রেন মিস হয়। সকালের অফিস টাইম থেকে শুরু করে সন্ধ্যাতেও এই রাস্তা রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকে একের পর এক অটো-টোটো। এই রাস্তায় রোগীকে নিয়ে অ্যাম্বুলেন্সও হাসপাতালে যেতে পারে না। পুরসভার এক কাউন্সিলার বলেন, রাস্তা চওড়া করা হলে যানজট সমস্যা মিটবেই। একই সঙ্গে ওই রাস্তায় অটো-টোটো স্ট্যান্ড করা কোনও মতেই চলবে না। তবে এই কাজ করতে গেলে অনেক দোকান ভাঙা পড়বে। কিন্তু রাস্তা চওড়া হলে তাঁরা দোকান পিছিয়ে আবার বসতেও পারবেন। বারুইপুরের বাসিন্দাদের যাতায়াতের স্বার্থে এই কাজ অবিলম্বে করা দরকার।
সম্পর্কিত সংবাদ