Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুইপুর পুর এলাকায় পানীয়  জলের সঙ্কট, ক্ষোভ বাসিন্দাদের

বারুইপুর পুর এলাকায় পানীয়  জলের সঙ্কট, ক্ষোভ বাসিন্দাদের
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বারুইপুর: বারুইপুর পুরসভা এলাকায় কয়েকদিন ধরে শুরু হয়েছে অম্রুত প্রকল্পের কাজ। উদ্দেশ্য, বাড়ি বাড়ি পানীয় জল আরও বেশি করে সরবরাহ। এর জেরে রাস্তা থেকে নর্দমার দফারফা হয়েছে। সেইসঙ্গে পুরসভার অধিকাংশ ওয়ার্ডেই ট্যাপ কলে জল পড়ছে সরু হয়ে। ফলে রিজার্ভারে জল ভর্তি হতে দু’দিন সময় লেগে যাচ্ছে বলে অভিযোগ। জলের জোগান অব্যাহত রাখতে কোনও কোনও ওয়ার্ডে জলের গাড়িও পাঠাতে হচ্ছে পুরসভাকে। এ নিয়ে ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের। এ প্রসঙ্গে পুরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী বলেন, এর সঙ্গে অম্রুত প্রকল্পের কাজের সম্পর্ক নেই। বজবজের ডোঙ্গারিয়া থেকে জল বারুইপুরে আসছে ধীরগতিতে। তাই এই সমস্যা রয়ে গিয়েছে। কিন্তু কবে মিটবে? তার সদুত্তর দিতে পারেননি পুরসভার কেউই।
Advertisement
বারুইপুর পুরসভা এলাকায় ১৭টি ওয়ার্ড রয়েছে। আরও বেশি জল সরবরাহের জন্য পুর এলাকায় কেএমডিএ’র তত্ত্বাবধানে শুরু হয়েছে অম্রুত প্রকল্পের কাজ। বাসিন্দারা বলেন, এই কাজ শুরুর পর থেকেই জল সঙ্কট তীব্র হয়েছে। আগে পুরসভার ট্যাপ কল দিয়ে মোটা হয়েই জল পড়ত। এখন সেই জলই পড়ে সুতোর মতো। এক বালতি ভর্তি হতেই কয়েক ঘণ্টা লেগে যাচ্ছে। রিজার্ভার ভর্তি হতে তো আরও সময় লেগে যাচ্ছে। অধিকাংশ ওয়ার্ডেই কমবেশি এই সমস্যা রয়েছে। প্রবীণ বাসিন্দা কাজল কয়াল বলেন, কাউন্সিলারদের এ ব্যাপারে বলা হলে তাঁরা আঙুল তুলছেন বজবজের দিকে। বলছেন, বজবজ থেকে জল আসছে শ্লথগতিতে। কবে এই সমস্যা মিটবে, কেউ বলতে পারছেন না।-নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ