Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে কাঞ্চন উৎসবে উষ্ণতা বাড়ালেন বলিউড স্টার তামান্না

বর্ধমানে কাঞ্চন উৎসবে উষ্ণতা বাড়ালেন বলিউড স্টার তামান্না
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: জানুয়ারির সন্ধ্যায় বর্ধমানে উষ্ণতা বাড়ালেন বলিউড স্টার নায়িকা তামান্না ভাটিয়া। শহরের রথতলায় কাঞ্চন উৎসবের মঞ্চে  উঠতেই সামনে থাকা জনতা সমস্বরে গাইতে থাকেন ‘আজ কা রাত…’।  পরে মঞ্চে সেই গানে তাল মেলান নায়িকাও। সময় যত গড়াতে থাকে উন্মাদনা ততই বাড়তে থাকে। এদিনই ছিল কাঞ্চন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। মঞ্চে উপস্থিত থেকে রাজ্যের তিন মন্ত্রী অরূপ বিশ্বাস, প্রদীপ মজুমদার এবং স্বপন দেবনাথ উদ্যোক্তাদের প্রশংসা করেন। জেলার সমস্ত স্তরের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভিড় দেখে তাঁরা উছ্বসিত। মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, কাঞ্চননগর মিনি ব্রিগেডে পরিণত হয়েছে। সুশৃঙ্খল ভাবে এত মানুষ এখানে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছেন। এটা ভাবা যায় না। মেলা কমিটির উদ্যোক্তা বিধায়ক খোকন দাস বলেন, ১৭ বছর ধরে অনুষ্ঠান হচ্ছে। আগামী দিনে বলিউডের স্টাররা মঞ্চে আসবেন। প্রতিটি দিনই জমজমাট অনুষ্ঠান হবে। 
Advertisement
বলিউডের স্টার নায়িকাকে দেখতে শহর ছাড়িয়ে বিভিন্ন গ্রামের বাসিন্দারাও কাঞ্চননগরে হাজির হয়েছিলেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। মঞ্চে খোদ পুলিস সুপার সায়ক দাস এবং জেলাশাসক আয়েশা রানি এ উপস্থিত ছিলেন। রাজ্যের প্রাণিসম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, বম্বের নামী শিল্পীরা এখানে এসে অনুষ্ঠান করছেন। এটা বড় প্রাপ্তি। রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, এধরনের মেলার মাধ্যমে কর্মসংস্থান বাড়ছে। অনেকেই আয় করছেন। 
উৎসব কমিটির উদ্যোক্তারা বলেন, মঞ্চে স্থানীয় শিল্পীরাও অনুষ্ঠান করবেন। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন উৎসবের দিনগুলিতে করা হয়েছে। তবে উদ্বোধনী অনুষ্ঠানেই মাঠে ভিড় উপচে পড়েছিল। তামান্না ভাটিয়া মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন, একসঙ্গে এত দর্শক দেখতে পেয়ে ভালো লাগছে। অনুষ্ঠান করার সুযোগ পেয়ে ধন্য মনে করছি। বর্ধমান দক্ষিণের বিধায়ক বলেন, আগামী দিনগুলিতেও এরকমই ভিড় হবে। প্রত্যেকেই সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান দেখবেন বলে আশা করি। মঞ্চে উপস্থিত থেকে রাজ্যের আরেক মন্ত্রী জোৎস্না মাণ্ডি বলেন, রাজ্যজুড়ে মেলা হচ্ছে। এলাকার বাসিন্দারা তাঁদের উৎপাদিত সামগ্রী বিক্রির সুযোগ পাচ্ছেন। তবে কাঞ্চন উৎসবের মতো এত বড় অনুষ্ঠান খুব কম জায়গাতেই হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ