Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে চোরদের ধরতে গিয়ে জখম যুবক, ধৃত ১

বর্ধমানে চোরদের ধরতে গিয়ে জখম যুবক, ধৃত ১
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: চুরি করে টোটোয় চেপে পালানোর সময় ধরতে আসা যুবককে ব্লেড জাতীয় কিছু দিয়ে আঘাতের অভিযোগে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতের নাম শেখ সাহেব। তার বাড়ি বর্ধমান থানার কেষ্টপুরে। বর্ধমান থানার ঝিঙুটি এলাকা থেকে ঘটনার দিন তাকে গ্রেপ্তার করা হয়। টোটোটি পুলিস বাজেয়াপ্ত করেছে। ধৃতের কাছ থেকে চুরির কিছু মালপত্রও উদ্ধার হয়েছে বলে পুলিসের দাবি। ধৃতকে শুক্রবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ধৃতের হয়ে কোনও আইনজীবী এদিন দাঁড়াননি। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ২১ ফেব্রুয়ারি ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম। পুলিস জানিয়েছে, ঝিঙুটির বাসিন্দা কাঞ্চন সাঁইয়ের বাড়িতে বৃহস্পতিবার দুপুরে চুরির ঘটনা ঘটে। দুপুর আড়াইটে নাগাদ বাড়ির পিছনের দিকে পাঁচিল টপকে দুই দুষ্কৃতী ঢুকে পড়ে। এরপর তারা গোডাউন থেকে সাবমার্সিবলের পাইপ, কোদাল ও অন্যান্য যন্ত্রপাতি চুরি করে একটি টোটোয় তোলে। টোটোয় চেপে পালানোর সময় পরিবারের লোকজন দেখতে পেয়ে চিৎকার করেন। কাঞ্চনবাবুর ভাইপো রাজনারায়ণ সাঁই সাহস করে দুষ্কৃতীদের টোটোটির পিছু ধাওয়া করেন। চলন্ত টোটোয় তিনি চেপে পড়েন। সেই সময় দুষ্কৃতীরা তাদের কাছে থাকা ব্লেড জাতীয় ধারালো কিছু দিয়ে তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। তাতে তিনি রক্তাক্ত হন। এরপর দুষ্কৃতীরা মারধর করে তাঁকে টোটো থেকে ফেলে দেয়। বিষয়টি দেখতে পেয়ে এলাকার মানুষজন টোটোটির পিছু ধাওয়া করে। টোটো দাঁড় করিয়ে এক দুষ্কৃতী পালাতে সক্ষম হয়। সাহেবকে স্থানীয়রা ধরে ফেলেন। খবর পেয়ে পুলিস তাঁকে থানায় ধরে নিয়ে আসে। পরে কাঞ্চন ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ