সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান শহরের মেঘনাদ সাহাপল্লিতে ভাড়াবাড়িতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে তাঁকে ফোনে না পেয়ে বাড়ির মালিককে ফোন করেন তাঁর পরিবারের লোকজন। স্থানীয়দের সাহায্যে দরজা ভেঙে ঘরে ঢুকে তাঁকে সিলিং ফ্যানের হুকে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন বাসিন্দারা। খবর পেয়ে পুলিস তাঁকে নামিয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার বিষয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে বর্ধমান থানার পুলিস। কীভাবে তাঁর মৃত্যু হল তা জানতে মৃতদেহের ময়নাতদন্ত করিয়েছে পুলিস। মৃতার নাম শুভেচ্ছা ঘোষ(২২)। বীরভূমের সাঁইথিয়ায় তাঁর বাড়ি। তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমেস্টারের ছাত্রী ছিলেন। তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিসের অনুমান।
Advertisement
মৃতার বাবা অশোককুমার ঘোষ বলেন, মেয়ে বরাবর পরীক্ষায় টপার হতে চাইত। দ্বিতীয় বর্ষের পরীক্ষায় মেয়ে দ্বিতীয় হয়। বৃহস্পতিবার দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষার রুটিন প্রকাশিত হয়। রাতে মেয়ে দীর্ঘক্ষণ ফোনে কথা বলে। প্রায় দিনই মেয়ে সকাল ৮টা সাড়ে ৮টার মধ্যে মায়ের সঙ্গে ফোনে কথা বলত। কিন্তু, এদিন মেয়ে ফোন না করায় আমার স্ত্রী তাকে ফোন করে। ফোনে না পেয়ে বাড়ির মালিককে ফোন করা হয়। সম্ভবত, পরীক্ষার প্রস্তুতি নিয়ে দুশ্চিন্তায় মেয়ে আত্মঘাতী হয়েছে। অন্য একটি ঘটনায়, আউশগ্রাম থানা এলাকায় ডাম্পারের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন তাঁর সঙ্গীও। চিকিৎসার জন্য তাঁকে কলকাতার এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে। মৃতের নাম অয়নাভ গঙ্গোপাধ্যায়(২৫)। মঙ্গলকোট থানার রামনগরে তাঁর বাড়ি। বৃহস্পতিবার রাতে বন্ধুদের সঙ্গে পিকনিক করে তিনি বাইকে করে বাড়ি ফিরছিলেন। বাইকে তাঁর এক বন্ধুও ছিলেন। আউশগ্রাম থানা এলাকায় একটি ডাম্পার বাইকটিকে ধাক্কা মারে। তাতে অয়নাভ ও তাঁর বন্ধু জখম হন। পুলিস তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক অয়নাভকে মৃত বলে ঘোষণা করেন। অপর একটি ঘটনায়, শক্তিগড় থানার গাংপুরে দিঘিরপাড় এলাকায় পুকুরে স্নান করতে নেমে জলে তলিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম দিলীপ মাহাত(৪৫)। বৃহস্পতিবার বিকেলে তিনি পুকুরে স্নান করতে গিয়ে জলে তলিয়ে যান। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।



