Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বিরোধী প্রার্থীদের ফোন করে ভোটের খোঁজ নিলেন পার্থ, বেনজির সৌজন্য

বিরোধী প্রার্থীদের ফোন করে ভোটের খোঁজ নিলেন পার্থ, বেনজির সৌজন্য
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সঞ্জয় গঙ্গোপাধ্যায়, নৈহাটি : ভোট মানেই টানাপোড়েন, প্রতিপক্ষের সঙ্গে কাঁটায় কাঁটায় টক্কর। একচুল জায়গা ছাড়তে রাজি হয় না কেউ কাউকে। তার মধ্যেই ব্যতিক্রমী সৌজন্য দেখালেন নৈহাটি তৃণমূলের ভোট সেনাপতি পার্থ ভৌমিক। ভোট চলাকালে একের পর এক ফোন করলেন বিরোধী দলের তিন প্রার্থীকে। ফোন করলেন সিপিএমের লোকাল কমিটির সম্পাদককেও। খোঁজ নিলেন কোনও সমস্যা হচ্ছে কি না। 
Advertisement
বুধবার ছিল নৈহাটি কেন্দ্রে উপ নির্বাচন। ভোট শুরু হওয়ার পরেই বারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক হাজির হন কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি ব্যাঙ্কোয়েটে। সেখানে বসেই কোথায় কেমন ভোট হচ্ছে তার খোঁজ নিতে শুরু করেন। ভোটের হার কম হচ্ছে শুনে দলের স্থানীয় নেতাদের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ডেকে আনতে বলেন। তারই ফাঁকে সাংসদ প্রথমে ফোন করেন কংগ্রেস প্রার্থী পরেশ সরকারকে। এরপর একে একে বিজেপি প্রার্থী রূপক মিত্র এবং বাম সমর্থিত লিবারেশন প্রার্থী দেবজ্যোতি মজুমদারকেও ফোন করে তাঁদের কোনও অভিযোগ আছে কি না জানতে চান। পরে সাংসদ সাংবাদিকদের জানান, ‘সব বিরোধী প্রার্থীদের সঙ্গে কথা বলেছি। কেউ কোনও অভিযোগ আমার কাছে করেননি। আমি বলেছি, কোনও অসুবিধা হলে সরাসরি জানাবেন।’ 
লিবারেশন প্রার্থী দেবজ্যোতি মজুমদার দু’-একটি অশান্তির কথা তুলে ধরলেও সাংসদের সঙ্গে ফোনে কথোপকথনের বিষয়ে কিছু বলতে রাজি হননি। বিজেপি প্রার্থী রূপক মিত্র স্পষ্ট জানান, ভোট নিয়ে তিনি খুশি নন। বলেন, ‘ভোটে শাসক দলের চাপা সন্ত্রাস কাজ করেছে। সাংসদের নম্বর আমার ফোনে সেভ ছিল না। উনি ফোন করেছিলেন, ওই সময় পর্যন্ত যেটুকু অভিযোগ ছিল, তা ওঁকে জানিয়েছি। উনি আমারও সাংসদ। ওঁর এই সৌজন্যবোধকে সম্মান করি।’ কংগ্রেসের পরেশ সরকার বলেন, ‘পার্থ আমার ছোট ভাইয়ের মতো। ফোন করে কোনও অসুবিধা আছে কি না জানতে চেয়েছিল। এটা ভালো লাগল।’
ভোট দেওয়ার পর পার্থ ভৌমিক। বুধবার তোলা নিজস্ব চিত্র।
সম্পর্কিত সংবাদ