Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বীরভূমে ‘দুয়ারে সরকার’ শিবিরে জমা পড়ল আড়াই লক্ষ আবেদন

বীরভূমে ‘দুয়ারে সরকার’ শিবিরে জমা পড়ল আড়াই লক্ষ আবেদন
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধ, সিউড়ি: বীরভূম জেলায় আটদিন ধরে চলা নবম ‘দুয়ারে সরকার’ শিবিরে প্রায় আড়াই লাখ আবেদন জমা পড়ল। শনিবার শেষদিনেই ৪০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। আটদিন ধরে চলা শিবিরে ‘বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা’ প্রকল্পে সবথেকে বেশি আবেদন জমা পড়েছে। এই প্রকল্পে আবেদনের সংখ্যা এক লাখ ছাপিয়ে গিয়েছে। তবে বৃদ্ধভাতা কিংবা লক্ষ্মীর ভাণ্ডার সহ অন্যান্য প্রকল্পগুলিও পিছিয়ে নেই। শেষদিনের শিবিরে এই দুই প্রকল্পে পৃথকভাবে পাঁচ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। স্বাভাবিকভাবেই জেলা প্রশাসনের কর্তারা উচ্ছ্বসিত। 
Advertisement
২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার পর তৃণমূল সরকার বাংলার মানুষের জন্য একাধিক প্রকল্প এনেছে। পাশাপাশি এই সরকারি প্রকল্পগুলি থেকে যাতে কেউ বঞ্চিত না হন, তার জন্যও পদক্ষেপ করা হয়। ‘দুয়ারে সরকার’ সেই রকমই একটি পদক্ষেপ। যার হাত ধরে বহু মানুষ সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। অষ্টম দফার সাফল্যের পর চলতি বছরের ২৪ জানুয়ারি থেকে নবম ‘দুয়ারে সরকার’ শিবির চালু হয়েছিল। মাঝে ২৬ জানুয়ারি শিবির বন্ধ ছিল। তাছাড়া ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি অবধি জেলাজুড়ে টানা শিবির হয়। এবছর জেলাজুড়ে প্রায় ৩ হাজার ২৩৭টি শিবির আয়োজিত হয়েছিল। শেষদিন ৪৪৭টি শিবির হয়েছিল। এদিন সবক’টি শিবির মিলিয়ে বিভিন্ন প্রকল্পে প্রায় ৪০ হাজার ৬৪০টি আবেদন জমা পড়েছে। ‘বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা’ প্রকল্পে সবথেকে বেশি আবেদন জমা পড়েছে। সেই সংখ্যা ১৯ হাজার ৪৩৭। এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতে আনুমানিক ৫ হাজার ৭২২ আবেদন জমা পড়েছে। সেইসঙ্গে বৃদ্ধভাতার জন্য এদিন প্রায় ৫ হাজার ২৫২টি আবেদন জমা পড়েছে। তবে স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু সহ অন্যান্য প্রকল্পগুলিও পিছিয়ে নেই।  
দুয়ারে সরকারের দৌলতে বহু মানুষ সরকারি সুবিধার আওতায় আসতে পারছেন। বয়স্ক নাগরিক, বিশেষ করে যাঁরা হাঁটাচলা করতে অক্ষম, তাঁরা যাতে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন সেদিকটিও নিশ্চিত করা হয়েছে। তার জন্য মোবাইল ক্যাম্পের বন্দোবস্ত করা হয়েছিল। জেলা প্রশাসনের তরফে জানা গিয়েছে, আটদিনের শিবিরে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে ১ লাখ ৬০০ আবেদন জমা পড়েছে। বৃদ্ধভাতা প্রকল্প রয়েছে দ্বিতীয় স্থানে। আটদিনে প্রায় ৪০ হাজার ৬০৮টি আবেদন জমা পড়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রায় ৩৯ হাজার ৭১৩টি আবেদন জমা পড়েছে। আটদিনে জেলায় প্রায় ৩ হাজার ২৩৭টি শিবিরে আনুমানিক ২ লাখ ৪১ হাজার ৯৮১টি আবেদন জমা পড়েছে।     
Advertisement
সম্পর্কিত সংবাদ