নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে একটি স্কুলে বার কাউন্সিল অব ইন্ডিয়ার পরীক্ষা হচ্ছিল। সেই পরীক্ষায় প্রতারণামূলক কাজ করার অভিযোগে চার আইনি পরীক্ষার্থীকে রবিবার গ্রেপ্তার করল নারকেলডাঙা থানার পুলিস। সোমবার ধৃতদের শিয়ালদহ আদালতে হাজির করা হয়। বিচারক তাঁদের একদিনের জন্য পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। ধৃতরা হলেন অলোক অধিকারী, সুব্রত সরকার, মাসাসুল হোসেন ও জগন্নাথ মান্না। এঁদের বাড়ি যথাক্রমে কাশিয়াং, শিলিগুড়ি এবং মুর্শিদাবাদে। পুলিস ও আদালত সূত্রে জানা গিয়েছে, রবিবার কাউন্সিলের ওই পরীক্ষায় কলকাতার খান্না এলাকার একটি স্কুলে অন্যদের সঙ্গে অভিযুক্ত চার পরীক্ষার্থীরও সিট পড়েছিল। আইনের এই পরীক্ষায় বই দেখে উত্তর লেখার সুযোগও ছিল। তবুও, নিষেধ সত্ত্বেও, আইন পরীক্ষার্থীরা পরীক্ষা হলে মোবাইল নিয়ে প্রবেশ করেছিলেন। পরীক্ষা চলাকালীন ওই চার ছাত্র লুকিয়ে প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপে ক্রমাগত পাচার করছিলেন। অভিযোগ, কয়েকজন আইনজীবী মারফত বাইরে থেকে প্রশ্নের উত্তরও আসছিল সেই হোয়াটসঅ্যাপে। বিষয়টি নজরে আসে পরীক্ষা কেন্দ্রের পরিদর্শকদের। তাঁরা বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিসের হাতে চারজনকে তুলে দেন। তাঁদের মোবাইল ফোনও আটক করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়।
Advertisement
এদিন ধৃতদের তরফে যে কোনও শর্তে জামিনের আর্জি জানানো হয়। যদিও তাতে আপত্তি জানানো হয় সরকার পক্ষ থেকে। সরকারি কৌঁসুলি স্নেহাংশু ঘোষ আদালতে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই চার আইনি পরীক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়েছে। পুরো বিষয়টি তদন্তের জন্য ধৃতদের হেফাজতে নেওয়ার দরকার। এরপরই বিচারক ধৃতদের জামিনের আর্জি নাকচ করে দেন। আজ, মঙ্গলবার ফের তাঁদের আদালতে হাজির
করা হবে।
করা হবে।



