নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় জামিনে আছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সোমবার তিনি আলিপুর আদালতে হাজির হয়ে তাঁর বাড়ির দলিল ফেরত নিলেন। তাঁর আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা এদিন এই খবর জানিয়ে বলেন, জামিনের সময় আদালত কিছু শর্ত বেঁধে দিয়েছিল। সম্প্রতি সেইমতো জীবনকৃষ্ণ পুরী যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে আদালত নির্দেশ দেয়, সেক্ষেত্রে তাঁর বাড়ির দলিলটি আদালতে জমা রাখতে হবে। আদালত যেসময় বেঁধে দেবে, তার মধ্যেই আদালতে হাজির হয়ে তিনি যেন তাঁর দলিলটি ফেরত পাওয়ার জন্য আর্জি জানান। সেইমতোই এদিন কোর্টে হাজির হয়ে তাঁর আইনজীবী মারফত তিনি দলিলটি ফেরত নেন।



