গান্ধীনগর: সম্পর্কে তুতোভাই। তার সঙ্গে আবার প্রেমের সম্পর্ক। আত্মীয়দের মধ্যে এমন সম্পর্ক মেনে নেননি তরুণীর বাবা-মা। তাঁকে বিয়ে দেওয়া হয়েছিল অন্য পাত্রের সঙ্গে। আর সেটাই কাল হল। অভিযোগ, বিয়ের মাত্র চারদিনের মধ্যে স্বামীকে খুন করেছে অভিযুক্ত তরুণী। পুলিস এই ঘটনায় তরুণী সহ তিনজনকে গ্রেপ্তার করেছে। স্বামীকে খুনের কথা স্বীকার করেছে সে। গুজরাতের গান্ধীনগরের ঘটনা। পুলিস জানিয়েছে, দিন চারেক আগে পায়েলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন ভাবিক। শনিবার পায়েলকে আনতে স্কুটার চালিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন ওই যুবক। কিন্তু দীর্ঘক্ষণ হয়ে যাওয়া সত্ত্বেও তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর পায়েলের বাবা ঘটনাটি ভাবিকের বাবাকে ফোন করে জানান। দীর্ঘক্ষণ খোঁজাখুজির পর রাস্তার ধারে ওই যুবকের স্কুটার পাওয়া যায়। পরে জানা যায় ভাবিককে অপহরণ করা হয়েছে। অভিযোগ দায়ের হয় থানায়। পুলিস তদন্তে নেমে ভাবিকের দেহ উদ্ধার করে। এরপর পায়েলকে গ্রেপ্তার করার পর শুরু হয় জিজ্ঞাসাবাদ। তখনই সদ্য বিবাহিত স্বামীকে খুনের কথা স্বীকার করে নেয়। শ্বাসরোধ করে স্বামীকে খুন করার কথা জানায় পায়েল। এই ঘটনায় জড়িত তার তুতোভাই এবং আরও একজন। তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা করেছে পুলিস।



