নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বেপরোয়া ট্রাকের ধাক্কায় নিহত এক ব্যক্তি। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার বোড়ালের সরলদিঘিতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেক কারখানার শ্রমিক জয়দেব পাল (৫৪) কাজ সেরে বাড়ি ফিরছিলেন। তিনি ওই এলাকারই ভট্টাচার্যপাড়ার বাসিন্দা। তখন উল্টো দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক তাঁকে পিছন থেকে ধাক্কা দিয়ে ফেলে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় জয়দেববাবুর। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। খবর পেয়ে বিশাল পুলিসবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চালক ও খালাসিকে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত ট্রাকটিও।এদিকে, এলাকার বাসিন্দাদের অভিযোগ, সারারাত ওই রাস্তা দিয়ে বেপরোয়াভাবে গাড়ি চলাচল করে। পুলিসি নজরদারির অভাব রয়েছে। এছাড়া রাস্তায় কোনও আলোর ব্যবস্থা নেই। সিসি ক্যামেরা থাকলেও তা কাজ করছে না।



