চলতি বছরের ব্রিটিশ অ্যাকাডেমি চলচ্চিত্র পুরস্কার (বাফটা) ঘোষিত হল। রয়্যাল ফেস্টিভ্যাল হলে রবিবার এই অনুষ্ঠান হয়। সেরা ছবি হিসেবে পুরস্কৃত হল ‘কনক্লেভ’। ইংরেজি ছাড়া অন্য ভাষার ছবির বিভাগে পুরস্কৃত ‘এমিলিয়া পেরেজ’। এই বিভাগে লড়াই করেছিল ভারতীয় পরিচালক পায়েল কাপাডিয়ার ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। তবে খালি হাতেই ফিরতে হয়েছে পরিচালককে। কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে পুরস্কৃত হয়েছিল এই ছবি। তারপর থেকে একাধিক আন্তর্জাতিক মঞ্চে হতাশ করেছে সিনেমাটি। ‘দ্য ব্রুটালিস্ট’-এর জন্য সেরা পরিচালকের শিরোপা পেলেন ব্র্যাডি করবেট। এই ছবির জন্যই সেরা অভিনেতার পুরস্কার পেলেন অ্যাড্রিয়েন ব্রডি। ‘আনোরা’ ছবির মাইকি ম্যাডিসন সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন।



