সংবাদদাতা, কাকদ্বীপ: প্রায় ৩৬ ঘণ্টা পর উদ্ধার হল গঙ্গাসাগরের সমুদ্রে তলিয়ে যাওয়া পুণ্যার্থীর দেহ। শুক্রবার রাতে সাগরের বসন্তপুর এলাকা থেকে সন্দীপ গৌর নামে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে জোয়ারের সময় মৃতদেহটি ভাসতে ভাসতে নদী বাঁধের কাছাকাছি চলে আসে। এক মৎস্যজীবী সেটিকে দেখতে পেয়ে খবর দেন গঙ্গাসাগর কোস্টাল থানায়। পরে পুলিস গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। শনিবার ময়নাতদন্তের জন্য সেটি কাকদ্বীপ মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, উত্তরপ্রদেশ থেকে ৭০ জনের একটি দল তীর্থ করতে গঙ্গাসাগরে এসেছিল। বৃহস্পতিবার দুপুরে তাঁরা স্নান করার জন্য সমুদ্রে নেমেছিলেন। তখনই ঢেউয়ের স্রোতে চব্বিশ বছরের পুণ্যার্থী সন্দীপ সমুদ্রে তলিয়ে যান।



