Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জীবনতলায় ঘর থেকে উদ্ধার এক নাবালিকার দেহ, মৃত্যু ঘিরে রহস্য

জীবনতলায় ঘর থেকে উদ্ধার এক নাবালিকার দেহ, মৃত্যু ঘিরে রহস্য

জীবনতলায় ঘর থেকে উদ্ধার এক নাবালিকার দেহ, মৃত্যু ঘিরে রহস্য
  • ১৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ঘর থেকে উদ্ধার হল এক নাবালিকার মৃতদেহ। সোমবার দুপুরে জীবনতলা থানার বেতবেড়িয়া শক্তিপল্লির এই ঘটনাকে ঘিরে রহস্য তৈরি হয়েছে। জানা গিয়েছে, বছর ষোলোর ওই নাবালিকার শরীরে আঁচড়ের দাগ রয়েছে। গলাতেও ছিল দাগ এবং মেঝেতে একটি গামছা পড়েছিল। এদিন বাড়িতে একাই ছিল ওই নাবালিকা। তার দাদা নাইট ডিউটিতে বেরিয়ে গিয়েছিলেন আগের রাতেই। নাবালিকার মা ও সৎ বাবা অন্যত্র থাকেন। মাঝেমাঝে এই বাড়িতে দেখা করতে আসেন তাঁরা। এদিন দুপুরে মেয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন মা। ভিতরে ঢুকে দেখেন, বিছানায় পড়ে রয়েছে মেয়ের নিথর দেহ। এরপরই থানায় খবর দেওয়া হয়। পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

Advertisement

বারুইপুর পুলিস জেলার এক শীর্ষকর্তা বলেন, আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। কীভাবে মৃত্যু হল ওই নাবালিকার, সেটাই জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই প্রকৃত কারণ জানা যাবে। ওই নাবালিকাকে ধর্ষণ করা হয়নি বলেই প্রাথমিকভাবে জানিয়েছে পুলিস। যদিও এলাকার মানুষজনের দাবি, গলা টিপে খুন করা হয়ে থাকতে পারে ওই নাবালিকাকে। এদিকে, এই মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন উঠে এসেছে। ঘরে নাবালিকা যে একা রয়েছে, সেটা কারা জানতেন? যেহেতু তার শরীরে আঁচড়ের দাগ পাওয়া গিয়েছে, তাহলে কি কারও সঙ্গে তার ঝামেলা বা মারপিট হয়েছিল? আপাতত পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ চলছে। কাউকে ওই ঘরে ঢুকতে দেখা গিয়েছিল কি না, সেটাও প্রতিবেশীদের কাছ থেকে জানার চেষ্টা করছে পুলিস। এই প্রসঙ্গে মৃতার দাদা বলেন, কাল রাতে শেষবার কথা হয়েছিল। এদিন সকালে পাড়া থেকে ফোন করে আমায় দ্রুত বাড়িতে আসতে বলা হয়। কী করে এমনটা হল, সেটাই বুঝতে পারছি না। - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ