পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন শাহরুখ খানের পুত্র আরিয়ান। সৌজন্যে ‘বাডস অব বলিউড’ সিরিজ। বলি পাড়ার একগুচ্ছ তারকাকে নিয়ে এই সিরিজ সাজিয়েছেন আরিয়ান। সেখানে উঠে আসবে অন্দরমহলের নানা কাহিনি। শোনা যাচ্ছে, এই সিরিজে চমকপ্রদ চরিত্রে থাকবেন ববি দেওল ও রাঘব জুয়েল। ‘অ্যানিমাল’ ছবির হাত ধরে খলচরিত্রে দাগ কেটেছিলেন ববি। তারপর বেশ কয়েকটি ছবিতে খলচরিত্রে দেখা গিয়েছে তাঁকে। অন্যদিকে, ‘কিল’ ছবির মাধ্যমে বলি পাড়ায় আত্মপ্রকাশ করেছেন অভিনেতা রাঘব জুয়েল। এই ছবিতে তাঁর চরিত্রে খলচরিত্রের ছায়া ছিল। তবে আরিয়ান পরিচালিত সিরিজে খলচরিত্রে দেখা যাবে না তাঁদের। বরং তাঁদের চরিত্রে এমন শেড থাকবে, যা অভাবনীয়। ববি ও রাঘবকে নেতিবাচক চরিত্রে দেখে অভ্যস্ত হয়ে পড়েছেন দর্শক। তাই এই সিরিজে তাঁদের সম্পূর্ণ নতুন ভূমিকায় দেখলে অনুরাগীদের ‘স্বাদ’ বদল হবে বলেই বিশ্বাস নির্মাতাদের।



