Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

তারকেশ্বরে ভাঙল বোর্ড, পুরসভার দায়িত্বে প্রশাসক

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই দেখা নেই তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান ও কাউন্সিলারদের।

তারকেশ্বরে ভাঙল বোর্ড, পুরসভার দায়িত্বে প্রশাসক
  • ৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই দেখা নেই তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান ও কাউন্সিলারদের। পুর আইন অনুযায়ী পরিষেবা বজায় রাখতে তারকেশ্বর পুরসভায় বসানো হল প্রশাসক। পুর ও নগর উন্নয়ন দপ্তরের নির্দেশে প্রশাসক হিসাবে দায়িত্ব নিচ্ছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর, হুগলি হেড কোয়ার্টার্স আশিসকুমার রায়। এলাকাবাসীদের বক্তব্য, পুরসভায় প্রয়োজনীয় কাজে গিয়ে বিপাকে পড়ছেন তাঁরা। চেয়ারম্যান উত্তম কুণ্ডু সহ ১ ও ৬ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলারের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা রুজু হয়েছে। এদিকে, বর্ষার সময় বিভিন্ন জায়গায় জল জমে যাওয়া, মৃতদেহ সৎকারের শংসাপত্র সহ একাধিক প্রয়োজনে দেখা মিলছে না জনপ্রতিনিধিদের। বাসিন্দাদের পরিষেবা দিতে নাজেহাল হচ্ছেন সরকারি আধিকারিকরা। জনপ্রতিনিধিরা না থাকার ফলে বোর্ড মিটিং হচ্ছে না। এর ফলে মিউটেশন, বিল্ডিং প্ল্যান অনুমোদন সহ একাধিক গুরুত্বপূর্ণ কাজ বন্ধ। এরই মধ্যে কিছুদিন পরে শুরু হবে শ্রাবণী মেলা। চেয়ারম্যান না থাকায় চলতি মাসের বেতন এখনও মেলেনি পুরসভার কর্মীদের একাংশের। চেয়ারম্যান সহ কাউন্সিলারদের এই বিষয়ে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল। এরপর পুর-আইন অনুযায়ী ভেঙে দেওয়া হয় পুরবোর্ড। পুরসভার অচলাবস্থা কাটাতে কাল, মঙ্গলবার থেকে পুরসভার দায়িত্ব সামলাবেন প্রশাসক। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ