Bartaman Logo
২৭ মে, ২০২৬

বঞ্চনার সঙ্গেই  আম জনতার ইস্যু সংসদে তুলে ধরবে তৃণমূল

বঞ্চনার সঙ্গেই  আম জনতার ইস্যু সংসদে তুলে ধরবে তৃণমূল
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংসদে মোদি বিরোধিতায় কংগ্রেসের তালে তাল না মিলিয়ে নিজের মতো অবস্থানেই জোর দিচ্ছে তৃণমূল। বাংলার বঞ্চনার পাশাপাশি সাধারণ মানুষের ইস্যুকেই তারা বেশি করে সংসদের অন্দরে তুলে ধরতে উদ্যোগী। তবে কোনও ‘কমন’ ইস্যু ঠিক হলে তাতে তৃণমূল যোগ দেবে বলে জানা গিয়েছে।
Advertisement
বুধবার বসেছিল তৃণমূলের সংসদীয় দলের বৈঠক। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ওই বৈঠকে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, সুব্রত বক্সী সহ দলের প্রায় সব এমপিই। সেখানেই ঠিক হয়েছে, দুর্নীতির চেয়ে রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের বঞ্চনার ইস্যুই তৃণমূলের কাছে অগ্রাধিকার। পাশাপাশি মূল্যবৃদ্ধি, সার সঙ্কট, বেকারত্বর মতো সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত বিষয়ে সংসদে সোচ্চার হওয়া বেশি প্রয়োজন। তাছাড়া দিনের পর দিন সংসদ অচল নয়, বরং সংসদে আলোচনার মাধ্যমেই মোদিকে সমালোচনার কাঠগড়ায় দাঁড় করানোর পক্ষে তৃণমূল। সেই মতোই দলকে তৈরি হতে নির্দেশ দিয়েছেন অভিষেক। বৈঠকের পর ডেরেক জানান, ‘আমরা চাই সংসদ চলুক।’ 
বুধবারও দফায় দফায় মুলতুবি হয়ে গেল সংসদ। মোদি সরকারের বিরুদ্ধে দুর্নীতিকে প্রশয় দেওয়ার অভিযোগে লোকসভা উত্তাল করল কংগ্রেস। উত্তরপ্রদেশের সম্ভল ইস্যুতে সমাজবাদী পার্টি। লোকসভার ওয়েলে নেমে চলল বিক্ষোভ। যার জেরে প্রথমে বেলা ১১ টায় সভার বসতেই একবার মুলতুবি। ফের বেলা ১২ টায় সভা বসলেও বিরোধীদের সোচ্চারে সভা চালাতে না পেরে সারাদিনের জন্য। 
কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে ‘বর্তমান’-কে একান্তভাবে বলেন, ‘আমরা চাই ইন্ডিয়া জোট অটুট থাকুক। মোদি বিরোধী সব দলই একজোট থাকুক। তা নাহলে বিজেপিরই সুবিধা হয়ে যাবে।’ আজ, বৃহস্পতিবার রাঁচিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে হেমন্ত সোরেনের শপথগ্রহণ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি আমন্ত্রিতদের তালিকায় নাম আছে কংগ্রেস সভাপতি খাড়্গের।
সম্পর্কিত সংবাদ