নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইপিএস অফিসার বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে রাজ্য সরকারই। আর জি করের নির্যাতিতার নাম প্রকাশ্যে আনায় বিনীত গোয়েলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে দায়ের হওয়া মামলায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এমনটাই জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিনীত রাজ্যে নিযুক্ত আইপিএস অফিসার হলেও তিনি যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন। তাই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে মামলায় পক্ষভুক্ত করা হয়েছিল। তার প্রেক্ষিতে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিংয়ের কাছে রিপোর্ট তলব করেছিল।
Advertisement
এদিন ডিভিশন বেঞ্চে কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল দাবি করেন, আইএএস, আইপিএস এবং আইএফএস অফিসারদের জন্য ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং বিভিন্ন বিধি তৈরি করে থাকে। এক্ষেত্রে এই ধরনের অফিসারদের নিয়ন্ত্রণ ও তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কোনও এক্তিয়ার তাদের নেই। পাশাপাশি বিনীত স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন অফিসার হলেও তিনি যে-রাজ্যে কর্মরত, সেই রাজ্যই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তবে রাজ্য যদি কোনও ব্যবস্থা না নেয় সেক্ষেত্রে ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন জানানো যেতে পারে। এক্ষেত্রে স্বতঃপ্রণোদিত হয়ে মন্ত্রক কিছু করতে পারে না। তিনি যেহেতু পশ্চিমবঙ্গে কর্মরত তাই তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে গেলে তা নিতে হবে রাজ্য সরকারকেই। ফলে এই মামলা থেকে ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিংকে বাদ দেওয়া হোক। কেন্দ্রের আর্জি মেনে ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিংকে এই মামলা থেকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি বিনীত গোয়েলসহ এই মামলার সঙ্গে সংযুক্ত সব পক্ষকে ফের একবার মামলার কপি দেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। পরবর্তী শুনানি ২৩ ডিসেম্বর।



