ঢাকা: আগামী বছরের এপ্রিলে বাংলাদেশে সাধারণ নির্বাচন আয়োজন নিয়ে আপত্তি তুলল বিএনপি। শনিবার খালেদা জিয়ার দল জানিয়েছে, ভোট করতে হবে ডিসেম্বরের মধ্যেই। ইউনুসের উপর চাপ বাড়িয়ে তাদের যুক্তি, এপ্রিল মাস কোনওমতেই ‘ভোটের উপযোগী’ নয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিলাম। জনগণের প্রত্যাশাও তাই ছিল।’
শনিবার ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ঢাকায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে শ্রদ্ধা নিবেদন করেন দলের মহাসচিব। সেখানে তিনি বলেন, ‘এপ্রিল মাস বাংলাদেশে নির্বাচনের জন্য ঠিক সময় নয়। ওই সময় প্রচণ্ড গরম, ঝড়-বৃষ্টির আশঙ্কা থাকবে। পাশাপাশি সময়টা রমজানের ঠিক পরেই, বিভিন্ন পরীক্ষাও থাকে। তাই দিনক্ষণ খুব বেশি চিন্তা করে ঘোষণা করা হয়েছে বলে আমাদের মনে হয় না।’ শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকারে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। সেখানে তিনি জানান, আগামী বছরের এপ্রিলের প্রথম দিকে নির্বাচন হবে।
এদিন ফখরুল বলেন, ‘এপ্রিলে নির্বাচন হলে রোজা চলাকালীন প্রচার শুরু করতে হবে। সেটা কষ্টকর। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি তিনবার ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়েছে। ডিসেম্বর, জানুয়ারি ও মার্চ মাসে হয়েছে দু’টি করে নির্বাচন। বাকি নির্বাচন হয়েছে মে, জুন ও অক্টোবর মাসে। এপ্রিলে কোনওদিন নির্বাচন হয়নি।’ তাত্পর্যপূর্ণভাবে, শনিবার ইউনুসের সঙ্গে দেখা করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। যদিও ঈদের দিন এই সাক্ষাত্ সৌজন্যমূলক বলে জানানো হয়েছে।
এর মধ্যেই ইউনুস সরকারকে তীব্র আক্রমণ করেছেন শেখ হাসিনা। এক বার্তায় তিনি বলেছেন, ‘ঈদ আমাদের অত্যন্ত আনন্দের দিন। কিন্তু এই বছর সেই আনন্দ প্রাণ থেকে উদযাপন করতে পারছে না সাধারণ জনতা। কারণ দেশের কোথাও মানুষের নিরাপত্তা নেই, চতুর্দিক দিক থেকে মানবিক বিপর্যয় নেমে এসেছে। ‘মব’-এর পাশবিক উল্লাসে নষ্ট হচ্ছে মানুষের সুখ, শান্তি নষ্ট হচ্ছে।’ জাতির উদ্দেশে ভাষণের পর ইউনুসের সমালোচনা করেছে হাসিনার দল আওয়ামি লিগও। শেখ হাসিনার দলের অভিযোগ, ‘অবৈধ দখলদার’ ও ‘ফ্যাসিস্ট’ ইউনুস ভাষণের নামে মিথ্যার ফুলঝুরি নিয়ে বসেছিলেন। নিজেদের চরম ব্যর্থতা ঢাকতে সমস্ত দায়ভার আওয়ামি লিগের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ইউনুসের আমলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গিয়েছে বলেও অভিযোগ হাসিনার দলের।