Bartaman Logo
২৭ মে, ২০২৬

বেঙ্গালুরুতে ২ শিশুসন্তানকে খুন করে আত্মঘাতী দম্পতি

বেঙ্গালুরুতে ২ শিশুসন্তানকে খুন করে আত্মঘাতী দম্পতি
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
বেঙ্গালুরু: আর্থিক অনটনের জেরে দুই শিশু সন্তানকে খুন করে আত্মঘাতী দম্পতি। সোমবার সকালে বেঙ্গালুরুর আরএমভি সেকেন্ড স্টেজ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। পুলিস জানিয়েছে, এদিন অনুপ কুমার (৩৮), তাঁর স্ত্রী রাখি (৩৫) এবং তাঁদের ৫ বছরে শিশুকন্যা ও ২ বছরের শিশুপুত্রের দেহ উদ্ধার করা হয়। আদতে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা অনুপ কর্মসূত্রে বেঙ্গালুরু থাকতেন। তিনি একটি বেসরকারি সংস্থায় সফটওয়ার কনসালটেন্ট হিসেবে কাজ করতেন। আর্থিক সঙ্কটের জেরেই ওই দম্পতি চরম পদক্ষেপ নিয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিসের। তাঁদের বাড়ি থেকে সুইসাইড নোটও মিলেছে। অন্যদিকে, অনুপদের পরিচারিকা জানিয়েছেন, তাঁদের মেয়ে মানসিকভাবে ভারসাম্যহীন। সেই নিয়ে দম্পতি বিপর্যস্ত ছিলেন। 
Advertisement
ডিসিপি সেন্ট্রাল শেখর এইচ টেক্কানভার বলেন, সোমবার সকালে পরিচারিকা দরজায় ধাক্কা দিয়ে কোনও সাড়া পাননি। শেষপর্যন্ত জানালায় উঁকি দিয়ে নিথর দেহগুলি দেখতে পেয়ে তিনি প্রতিবেশীদের বিষয়টি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এজন্য অনুপের অফিস ও সহকর্মীদের সঙ্গেও কথা বলে খোঁজখবর করা হচ্ছে। 
সম্পর্কিত সংবাদ