Bartaman Logo
২৭ মে, ২০২৬

বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি কর্মীর আত্মহত্যা: ৩ দিনের মধ্যে স্ত্রীকে হাজিরা দিতে নির্দেশ

বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি কর্মীর আত্মহত্যা: ৩ দিনের মধ্যে স্ত্রীকে হাজিরা দিতে নির্দেশ
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
বেঙ্গালুরু: তিনদিনের মধ্যে মারাথাহাল্লি থানায় হাজিরা দিতে হবে। বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি কর্মী অতুল সুভাষের আত্মহত‌্যার মামলায় এবার তাঁর স্ত্রী নিকিতা সিংহানিয়াকে ডেকে পাঠাল কর্ণাটক পুলিস। তলব করা হয়েছে নিকিতার পরিবারের সদস্যদেরও। শুক্রবার পুলিসের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্তে নেমে একাধিক তথ্য হাতে এসেছে। তাই তাঁদের জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠানো হয়েছে। 
Advertisement
অতুলের ভাই বিকাশ কুমারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিস। নিকিতার বাড়ি উত্তরপ্রদেশের জৌনপুরে। সেইমতো বেঙ্গালুরু পুলিসের চার সদস্যের একটি দল জৌনপুরে পৌঁছয়। এরপর নিকিতা সিংহানিয়া, তাঁর মা নিশা, ভাই অনুরাগ ও কাকা সুশীলকে তিন দিনের মধ্যে থানায় হাজির দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এনিয়ে তাঁদের একটি নোটিসও দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, একাধিক তথ্য পাওয়া গিয়েছে। তা খতিয়ে দেখার জন্যই নিকিতা ও তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি। গত সোমবার সকালে অতুল সুভাষের আত্মহত্যার খবরটি সামনে আসে। ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধারের পাশাপাশি ২৪ পাতার একটি সুইসাইড নোটও মেলে। এখানেই শেষ নয়। মৃত্যুর আগে দেড় ঘণ্টার ভিডিও রেকর্ড করেছিলেন তিনি। সেখানে স্ত্রীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, মানসিক হেনস্তা সহ একাধিক অভিযোগ তুলেছিলেন অতুল।
সম্পর্কিত সংবাদ