সংবাদদাতা, বনগাঁ: আবারও বনগাঁ-বাগদা রেলপথের প্রতিশ্রুতি শোনা গেল কেন্দ্রীয় মন্ত্রীর গলায়। শুধু তাই নয়, কলকাতা-বনগাঁ মেট্রোরেলের প্রতিশ্রুতিও দিলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। তাঁর এমন বক্তব্য ‘হাস্যকর’ বলে মনে করছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন বনগাঁ-বাগদা রেলপথের প্রস্তাব নেওয়া হয়েছিল। সেই কাজ এখনও শুরু হয়নি। বনগাঁবাসীর মন পেতে ওই প্রস্তাব বাস্তবায়িত করার পাশাপাশি বনগাঁ পর্যন্ত মেট্রোরেল পরিষেবা সম্প্রসারিত করার কথা বলেন তিনি। শুক্রবার পেট্রাপোল বন্দরে এক অনুষ্ঠানে যোগ দেন শান্তনুবাবু। তারপর সাংবাদিকদের তিনি বলেন, ‘ভবিষ্যতে মেট্রোরেল পরিষেবা বনগাঁ পর্যন্ত সম্প্রসারণ এবং বনগাঁ-বাগদা রেলপথের পরিকল্পনা রয়েছে।’ এ বিষয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও জানান তিনি।
Advertisement
বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, ‘গত ৫ বছরে মানুষের জন্য ওঁরা কিছুই করেননি। সামনের বছর বিধানসভা নির্বাচন। তার আগে নতুন করে প্রতিশ্রুতির কথা শোনাতে হচ্ছে ভোটের কথা ভেবে।’ এদিন পেট্রাপোল সীমান্তে দাঁড়িয়ে শান্তনুবাবু বলেন, ‘বাংলাদেশ আমাদের বন্ধু। ৭১ সালে ভারত বাংলাদেশকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল। তবে আমাদের ভাগ করতে এলে আমরা চুপ করে বসে থাকতে পারি না। প্রতিরোধ করতে আমাদেরও ব্যবস্থা নিতে হবে।’



