Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বনগাঁ পুরসভায় চালু জঞ্জাল কর 

বনগাঁ পুরসভায় চালু জঞ্জাল কর 
  • ৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বনগাঁ: বনগাঁ পুরসভায় চালু হল জঞ্জাল কর। এখন থেকে পুরবাসীদের দিন পিছু এক টাকা করে মাসে ৩০ টাকা দিতে হবে পুরসভাকে। এর বিনিময়ে বাড়ি বাড়ি গিয়ে জঞ্জাল সংগ্রহ করবেন পুরকর্মীরা। এতদিন এই খাতে কোনও টাকা দিতে হতো না পুরসভাকে। নতুন এই কর চালু হওয়ায় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছে। সরকারি হিসেবে বনগাঁ পুরসভার ২২টি ওয়ার্ডে ৩১ হাজার বাড়ি রয়েছে। সব মিলিয়ে পুরসভার আয় অনেকটাই বাড়বে বলে মনে করছে পুর কর্তৃপক্ষ। ইতিমধ্যে এ বিষয়ে পুরসভার পক্ষ থেকে লিফলেট বিলি করে নতুন করের কথা জানানো হয়েছে মানুষকে। ১ নভেম্বর থেকে নয়া নিয়ম কার্যকর হয়েছে।
Advertisement
এদিকে, নতুন একটি কর চালু হওয়া নিয়ে রাজনৈতিক দলগুলি একাধিক প্রশ্ন তুলেছে। সিপিএমের বনগাঁ শহর সম্পাদক সমিত কর বলেন, ‘পুর পরিষেবা পাওয়ার জন্য মানুষ কর দেন। তাহলে আলাদা করে জঞ্জাল কর কেন? মানুষের মতামত না নিয়েই এই কর তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে।’ আগামী দিনে জঞ্জাল করের বিরোধিতা করে পুরসভায় ডেপুটেশন দেওয়া হবে বলেও জানান তিনি। তাঁর আরও বক্তব্য, পুর পরিষেবা নিয়ে মানুষের বিস্তর অভিযোগ রয়েছে। শহরের রাস্তাঘাট, পানীয় জলের সরবরাহ নিয়ে সমস্যার শেষ নেই। এর মধ্যে নতুন করে জঞ্জাল কর চালু হওয়ায় মানুষ বিরক্ত। জঞ্জাল কর চালুর বিরোধিতা করেছে কংগ্রেসও। জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি কৃষ্ণপদ চন্দ বলেন, ‘বহু টাকার পুরকর বকেয়া পড়ে আছে। সেই টাকাই সময়মতো আদায় হয় না। আবার নতুন করে জঞ্জাল কর মানুষের উপর বোঝা চাপানো ছাড়া কিছু নয়।’ বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল বলেন, ‘কর্মসংস্থান না থাকায় নতুন করে বাড়তি কর মানুষের কাছে একটা বোঝা।’ তবে পুরসভার দাবি, সরকারি নির্দেশ অনুযায়ী জঞ্জাল কর চালু করা হয়েছে। বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, ‘রাজ্যের একাধিক পুরসভা জঞ্জাল কর চালু করেছে। আমরা অনেক পরে চালু করেছি মানুষের কথা ভেবে। সরকারি নির্দেশ মতো এই কর চালু করা হয়েছে। এতে পুরসভার আয় বাড়বে। বাসিন্দারা আরও বেশি পরিষেবা পাবেন।’ 
সম্পর্কিত সংবাদ