সংবাদদাতা, মানবাজার: বুধবার বান্দোয়ান থানার তুলসীডি গ্রামে চাষের জমি থেকে এক যুবতীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। পুলিস জানিয়েছে, মৃতার নাম অবনী মুর্মু(৩৩)। তাঁর বাড়ি বোরো থানার গোয়ালাপাড়া গ্রামে। এদিন দুপুরে তুলসীডি গ্রামের কাছে একটি চাষের জমিতে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে বান্দোয়ান থানার পুলিস দেহটি উদ্ধার করে। পরিবারের সদস্যদের কাছ থেকে পুলিস জানতে পেরেছে, ওই যুবতী মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত শুক্রবার তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর আর খোঁজ পাওয়া যায়নি। এদিন দেহ উদ্ধার হয়। পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।



