Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বিনোদন কর ফাঁকি দিয়ে অনুষ্ঠান, সোমবার থেকে অভিযানে পুরসভা

বিনোদন কর ফাঁকি দিয়ে অনুষ্ঠান, সোমবার থেকে অভিযানে পুরসভা
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরজুড়ে শীতকালীন উৎসবের মরশুম। সামনে বড়দিন এবং ইংরেজি নববর্ষ। সে উপলক্ষ্যে শহরের বিভিন্ন ক্লাব, হোটেল, পানশালা, রেস্তরাঁতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। নিয়ম অনুযায়ী, এই বিশেষ দিনগুলিতে অনুষ্ঠান করতে কলকাতা পুরসভার কাছ থেকে অনুমোদন নিতে হয়। পুরসভায় বিনোদন কর জমা করারও নিয়ম। তা মানা হচ্ছে কি না জানতে সোমবার থেকে রাত্রিকালীন অভিযান চালাবে কলকাতা পুরসভা। শহরের বিভিন্ন হোটেল, রেস্তরাঁ, পানশালা, অভিজাত ক্লাবে হানা দেবে। অনুমতি না নিয়ে কোনও ইভেন্ট করলে বা অনুমোদনের বাইরে কোনও অনুষ্ঠান করলে মোটা টাকা জরিমানা করা হবে। পাশাপাশি বিভিন্ন প্রদর্শশালা, মেলা প্রাঙ্গণেও যাবে পুরসভা। 
Advertisement
অভিযান চলবে তিন জানুয়ারি পর্যন্ত। বিভিন্ন এলাকায় যাওয়ার জন্য চারটির মতো দল তৈরি হয়েছে। পুর কর্তৃপক্ষ জানিয়েছে, বছরের বিশেষ দিনে ‘স্পেশাল ইভেন্ট’ আয়োজন করলে পুরসভার থেকে অনুমোদন নিতে হয়। বিনোদন কর দিতে হয়। অনেকে অনুমতি নেয়। অনেকে নেয় না। কেউ কেউ অনুমোদনের বাইরে গিয়ে ইভেন্টের আয়োজন করে। কেউ বিনোদন কর ফাঁকি দিচ্ছে কি না, তা দেখতে এই রাত্রিকালীন অভিযানের সিদ্ধান্ত হয়েছে। পুরসভার এক আধিকারিক বলেন, মধ্যরাতের পরও যদি অনুষ্ঠান চলে তাহলে কর দ্বিগুণ হয়। এসব কিছু নিয়ম মেনে হচ্ছে কি না, সেটা দেখার জন্যই ঘুরবে টিম। সন্ধ্যা ছ’টার পর অভিযান শুরু হবে। নির্দিষ্ট দিনগুলিতে মধ্যরাতের পরও অভিযান চলবে। বিভিন্ন পার্ক কিংবা মাঠে হওয়া মেলা এবং বিভিন্ন প্রদর্শশালাতেও চালানো হবে অভিযান। সরকারের কর ফাঁকি দিয়ে কোনও ইভেন্ট করা হলে মোটা টাকা জরিমানা হবে।
সম্পর্কিত সংবাদ