নয়াদিল্লি: বিনা বিচারে কাউকে দীর্ঘদিন কারাগারে আটকে রাখা সংবিধানবিরোধী। এই যুক্তিতে জামিন দেওয়া হয়েছে এলগার পরিষদ মামলায় অন্যতম অভিযুক্ত রোনা উইলসন এবং সুধীর ধাওয়ালেকে। ৮ জানুয়ারি জামিন দেওয়া হলেও মঙ্গলবার বম্বে হাইকোর্টের রায়ের কপি সামনে এসেছে। তাতে বিচারপতি এ এস গাদকারি এবং বিচারপতি কমল খাটের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়েছেন, বিনা বিচারে ৬ বছরের বেশি সময় ধরে এঁদের আটকে রাখা হয়েছে। শীঘ্র বিচার শুরু হবে, এমন সম্ভাবনাও দেখা যাচ্ছে না। তাই এঁদের জামিন দেওয়া হল। একই সঙ্গে ন’মাসের মধ্যে এই মামলার চার্জ গঠনের জন্য বিশেষ আদালতকে নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।



