Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ব্লাডব্যাঙ্কগুলিতে রক্তের আকাল, কোচবিহারে বিএমওএইচদের রক্তদান শিবিরের নির্দেশ

ব্লাডব্যাঙ্কগুলিতে রক্তের আকাল, কোচবিহারে বিএমওএইচদের রক্তদান শিবিরের নির্দেশ
  • ৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারে ব্লাডব্যাঙ্কগুলিতে রক্তের আকাল। এতে রোগীরা যেমন সমস্যায় পড়ছেন, তেমনই জেলা স্বাস্থ্য দপ্তরও বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। কারণ, গ্রীষ্মকালে রক্তদানের প্রবণতা কম। তার জেরে শিবিরও কম হয়। বেশ কিছুদিন ধরে  কোচবিহারে রক্তদান শিবির আগের তুলনায় কম হচ্ছে। এই পরিস্থিতিতে জেলায় রক্তদান শিবিরের সংখ্যা না বাড়ালে আগামীদিনে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তসংকট দেখা দেবে। তাই জেলা স্বাস্থ্যদপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই বিএমওএইচদের রক্তদান শিবির আয়োজন করতে বলা হয়েছে। একইসঙ্গে জেলার ব্লক অফিস ও থানাগুলিকে রক্তদান শিবির আয়োজনের  জন্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রীকুমার আড়ি জেলাশাসকের কাছে আবেদন করবেন বলে জানিয়েছেন। বুধবার জেলায় কোচবিহার মেডিক্যাল কলেজের ব্লাডব্যাঙ্ক, দিনহাটা ও মাথাভাঙার ব্লাডব্যাঙ্কগুলিতে  মজুত রক্তের পরিমাণ ছিল যথেষ্টই কম। বিশেষ করে নেগেটিভ গ্রুপের রক্তের পরিমাণ কম ছিল। 

Advertisement

এই  ব্যাপারে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রীকুমার আড়ি বলেন, সাধারণ মানুষকে আবেদন করছি, রক্তদান করুন। এদিন মেডিক্যাল কলেজের ব্লাডব্যাঙ্ক ঘুরে দেখেছি। জেলায় রক্তদান শিবিরের সংখ্যা বাড়াতে হবে। ব্লক ও থানাগুলির মাধ্যমে রক্তদান শিবির আয়োজনের জন্য অনুরোধ করব। বিএমওএইচদের নির্দেশ দেওয়া হয়েছে, স্থানীয়ভাবে রক্তদান শিবিরের আয়োজন করতে। জেলার ব্লাডব্যাঙ্কগুলিতে রক্তের জোগান বাড়াতে হবে।
জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন মাথাভাঙার ব্লাডব্যাঙ্কে সাতটি এ পজিটিভ, সাতটি এবি পজিটিভ রক্ত ছিল। এ নেগেটিভ গ্রুপের কোনও রক্ত ছিল না। একইভাবে এবি, বি এবং ও নেগেটিভ গ্রুপের কোনও রক্ত ছিল না। বি পজিটিভ রক্ত ছিল মাত্র ১৩টি। অন্যদিকে, এমজেএন মেডিক্যালে এ নেগেটিভ গ্রুপের রক্ত এদিন ছিল না। এ পজিটিভ ২৪, এবি পজিটিভ ১, এবি নেগেটিভ ২, বি পজিটিভ ৩, বি নেগেটিভ ৫ এবং ও নেগেটিভ গ্রুপের রক্ত মাত্র ২টি ছিল। দিনহাটা ব্লাড ব্যাঙ্কে এ নেগেটিভ, এবি নেগেটিভ, ও পজিটিভ, বি নেগেটিভ এবং ও নেগেটিভ গ্রুপের কোনও রক্তই ছিল না। এ পজিটিভ গ্রুপের ১টি, বি পজিটিভ ৮টি এবং ও পজিটিভ রক্ত ছিল মাত্র ৭টি।

Advertisement
সম্পর্কিত সংবাদ