নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে কুম্ভমেলায় আমন্ত্রণ জানিয়েছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। উত্তরপ্রদেশের বিধানসভার স্পিকার একটি আমন্ত্রণপত্র পাঠিয়েছেন বিমানবাবুকে। ওই আমন্ত্রণপত্রে লেখা হয়েছে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও বিধানসভার স্পিকারের তরফে কুম্ভমেলায় শাহি স্নানের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। আপনি এসে এই মহতি মেলায় অংশগ্রহণ করুন। উল্লেখ্য, মকর সংক্রান্তির দিন-সময় বিস্তারিতভাবে আমন্ত্রণপত্রে উল্লেখ রয়েছে। এব্যাপারে বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, উত্তরপ্রদেশ থেকে আমন্ত্রণপত্র পেয়েছি। কিন্তু পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় যাওয়া সম্ভব হচ্ছে না। একটি চিঠি লিখে তা জানিয়েও দিচ্ছি। তবে রাজনৈতিক মহলে চর্চা চলছে, উত্তরপ্রদেশের বিজেপি সরকারের তরফে বাংলার বিধানসভার স্পিকার ছাড়া আর কাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে রাজনীতির কারবারিদের একাংশ সৌজন্য হিসেবেও দেখছে।



