রায়পুর: একের পর এক ভুয়ো বোমাতঙ্কের জেরে বিমান সংস্থাগুলির ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। পাল্লা দিয়ে বেড়েছে যাত্রী হয়রানি। এরইমধ্যে ভুয়ো আতঙ্ক ছড়ানোর অভিযোগে ছত্তিশগড়ের রায়পুর থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিস। তবে এই গ্রেপ্তারি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। কারণ ধৃত অনিমেষ মণ্ডল একজন আইবি আধিকারিক। ডেপুটি সুপারিনটেনডেন্ট র্যাঙ্কের এই আধিকারিকের বর্তমান কর্মস্থল নাগপুর। সূত্রের খবর, ১৪ নভেম্বর তিনি ইন্ডিগোর বিমানে নাগপুর থেকে কলকাতা যাচ্ছিলেন। সেই বিমানেই বোমা রয়েছে বলে তিনি কর্মীদের জানিয়েছিলেন। এরপর বিমানটিকে রায়পুর বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। তবে তল্লাশির পরেও কিছু মেলেনি। এরপর ভুয়ো বোমাতঙ্ক ছড়ানোর দায়ে সম্প্রতি অনিমেষকে গ্রেপ্তার করেছে রায়পুর পুলিস। মঙ্গলবার অনিমেষের আইনজীবী দাবি করেন, সূত্র মারফৎ বিমানে বোমা রাখার খবর পেয়ে কর্মীদের তিনি তা জানিয়েছিলেন। গ্রেপ্তারির পরেই পুলিস কেন সেই খবর আইবিকে জানাল না, সেই প্রশ্নও তুলেছেন আইনজীবী। যদিও পুলিসের যুক্তি, অনিমেষের ভুয়ো তথ্যের জেরেই বিমানের যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এর জেরে তাঁদের সমস্যার মধ্যেও পড়তে হয়। রায়পুরের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিস সন্তোষ সিং বলেন, অনিমেষকে আটকের পরেই তা আইবিকে জানানো হয়।



