নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বামেদের বিকাশভবন অভিযান ঘিরে উত্তপ্ত সল্টলেক। পুলিসের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন এসএফআই কর্মীরা। বিকাশভবন থেকে একাধিক বামনেতা ও কর্মীকে আটক করল পুলিস। রাজ্যে শিক্ষার সার্বিক মানোন্নয়ন সহ একাধিক দাবি নিয়ে সোমবার বিকাশভবন অভিযানের ডাক দিয়েছিল বাম ছাত্র সংগঠন এসএফআই।
Advertisement
এদিন দুপুর আড়াইটে নাগাদ করুণাময়ী থেকে মিছিল শুরু করেন ছাত্ররা। বিকাশভবনের সামনে পুলিস ব্যারিকেড দিয়ে প্রায় অবরুদ্ধ করে রেখেছিল রাস্তা। সেখানে পুলিস-ছাত্রদের মধ্যে এক দফা ধস্তাধস্তি হয়। এরপর একাধিক মিছিল সেখানে আসতে শুরু করে। ভবনের ভিতর এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, সভাপতি প্রণয় কার্যি সহ একাধিক কর্মী প্রবেশ করেন। পুলিস তাঁদের আটক করলে ফের করুণাময়ী মোড় অবরোধ শুরু হয়। কিছুক্ষণের মধ্যে পুলিস ফের ধরপাকড় শুরু করে। তারপর সল্টলেক অফিস পাড়ার রাস্তায় যান চলাচলও সচল করে। এসএফআইয়ের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, ‘প্রবল পুলিসি পাহারার মধ্যেও এসএফআই বিকাশভবনের ক্যাম্পাসে প্রবেশ করেছে। লাঠিচার্জ করে আমাদের আটকানো যাবে না। সংগঠনের সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস আহত হয়েছেন। এছাড়াও আমাদের অনেক কর্মী আহত হন।’ বিধাননগরের এক পুলিস আধিকারিক বলেন, ‘গণ্ডগোল পাকানোর জন্য ৮০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছিল।’



