সংবাদদাতা, ঘাটাল: সারা ব্লকে বাল্যবিবাহ সম্পূর্ণরূপে বন্ধ করতে কন্যাশ্রীর ছাত্রীদের সঙ্গে নিজেই সাইকেল চালিয়ে র্যালি করলেন বিডিও। সোমবার দাসপুর-২ ব্লকের দুধকোমরা গ্রামপঞ্চায়েত এলাকার চারটি স্কুলের প্রায় ১২০০ ছাত্রীদের সঙ্গেই বিডিও প্রবীরকুমার শীট ‘নো টু চ্যাইল্ড ম্যারেজ, ইয়েস টু স্কুল’ শ্লোগান দিয়ে কয়েক কিলোমিটার সাইকেল চালালেন। বিডিও বলেন, ‘আমাদের ব্লকে লুকিয়ে মাঝেমাঝেই বাল্যবিবাহ হয়। তাই আমাদের ব্লকে সম্পূর্ণ রূপে বাল্যবিবাহ বন্ধ করতেই ব্লক প্রশাসনের এই বিশেষ সচেতনতামূলক প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। বাল্যবিবাহ বিরোধী সচেতনতামূলক প্রচার ধারাবাহিকভাবে চলবে।’
Advertisement
ওই ব্লকের একাংশ পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং হুগলি জেলার লাগোয়া। ব্লকে প্রায়ই বাল্যবিবাহের কথা শোনা যায়। সমস্ত স্তরে সচেতনতা না থাকার জন্যই এই স্মার্টফোনের যুগেও বাল্যবিবাহ হয়ে চলেছে সমাজবিজ্ঞানীদের অভিমত। তাই ব্লক প্রশাসন বাল্যবিবাহ সম্পূর্ণ বন্ধ করতে উদ্যোগী হয়ে কন্যাশ্রী প্রাপক ছাত্রীদের নিয়েই এদিন বেশ কয়েকটা গ্রামে র্যালি করে বাল্যবিবাহের বিরুদ্ধে প্রচার করার ব্যবস্থা করে। শেষে ওই গ্রামপঞ্চায়েতের ত্রিবেণী পার্কে বাল্যবিবাহ রোধ নিয়ে নানান সচেতনতামূলক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।



