নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: একমাস ধরে গোটা রাজ্যে বাল্য বিবাহ, লিঙ্গ বৈষম্য সহ একাধিক সামাজিক ইস্যু নিয়ে সচেতনামূলক কর্মসূচি গ্রহণের নির্দেশ দিল নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তর। ফেব্রুয়ারি মাসে দু’ভাগে এই নিয়ে বিভিন্ন কর্মসুচি গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এক থেকে ১৫ ফেব্রুয়ারি বাল্য বিবাহ এবং লিঙ্গ বৈষম্য নিয়ে অনুষ্ঠান করতে হবে। ১৬ থেকে ২৮ ফেব্রুোয়ারি শিশুদের উপর অত্যাচার এবং মানব পাচার সংক্রান্ত বিষয় নিয়ে অবহিত করতে হবে পড়ুয়াদের। এই কাজে জেলার কন্যাশ্রী ক্লাব এবং চাইল্ড কেয়ার ইনস্টিটিউটকে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। মূলত কিশোর-কিশোরীদের মধ্যে প্রচার ও সচেতনামূলক কর্মসূচি নিতে পরামর্শ দিয়েছে দপ্তর।



